অবশেষে স্বস্তি! বনগাঁকাণ্ডের সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী

Tanay Shastri Gets Bail

প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে জেল মুক্তি! অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিনেই তাঁর করা মামলা-সহ পুলিশের সমস্ত মামলায় জামিন পেলেন তনয় শাস্ত্রী (Tanay Shastri Gets Bail), ফিরলেন ঘরে। অভিযোগ ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জে অনুষ্ঠান করতে এসে হেনস্থা শিকার হয়েছেন বলে উদ্যোক্তা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। পুলিশ দায়ের করেছিল মামলা। অবশেষে, বুধবার তনয়ের সঙ্গে জামিন পেলেন বাকি দুই অভিযুক্তও।

ঠিক কী ঘটেছিল?

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি বনগাঁর নয়াগোপালগঞ্জে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে হেনস্থার শিকার হয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই মর্মে তিনি পুলিশের কাছে দ্বারস্থ হন। এরপর সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গত ২৯ জানুয়ারি পুলিশ তনয়কে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে। কিন্তু তাতেই ঘটে আরেক ঘটনা। গ্রেফতারির বিরুদ্ধে উল্টে পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আসে তনয়, তাঁর ছেলে ও এক প্রতিবেশীর বিরুদ্ধে। যার ফলে পৃথক একটি মামলা রুজু করেছিল পুলিশ। যদিও গত শনিবার মিমি চক্রবর্তীর দায়ের করা মূল মামলাটিতে তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর হয়েছিল। তবে পুলিশের মামলায় রেহাই পাননি। শেষ পর্যন্ত সেই মামলাতেও জামিন মঞ্জুর করেন বিচারক।

জামিন পেলেন তনয়

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বুধবার, বিচারকের নির্দেশ অনুযায়ী দুপুরে বনগাঁ মহকুমা আদালতে ফের হাজির করানো হয় তনয় শাস্ত্রী এবং বাকি দু’জনকে। এ দিনও প্রশাসন অভিযুক্তদের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানায়। একই ভাবে মিমির আইনজীবী তিন জনের কড়া শাস্তির দাবি করেন। অন্যদিকে বিচারকের কাছে আরও একবার জামিনের আবেদন করেন অভিযুক্তদের আইনজীবী। শেষ পর্যন্ত বিচারক এ দিন তনয়-সহ ৩ জনের জামিন মঞ্জুর করেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজব ঘটনা! ৩৭ বছর পর কলকাতা পুরসভায় ছেলের জন্মশংসাপত্রের আবেদন দেবী শেট্টীর

প্রসঙ্গত, আদালত থেকে হাজতবাসের নির্দেশ পাওয়ার পরেই তনয় শাস্ত্রী সংবাদমাধ্যমকে প্রতিশোধের সুরে জানিয়েছিলেন যে, তিনি এর শেষ দেখে ছাড়বেন। শেষমেষ গতকাল জামিন পেতেই সকলেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে চান তিনি বলেন, “আইনের উপরে আস্থা ছিল। জামিন পেয়ে বাড়ি যাচ্ছি। আসার সময় যেমন মানসিকভাবে স্ট্রং ছিলাম, জামিন পেয়ে ফেরার সময়ও তেমনই স্ট্রং রয়েছি।” অন্যদিকে জামিন প্রসঙ্গে মিমির সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনিও আপাতত এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি।

Leave a Comment