বিক্রম ব্যানার্জী, কলকাতা: পরপর দুই ম্যাচে হারের বোঝা নিয়ে আগামীকাল অর্থাৎ সোমবার পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (KKR Vs PBKS)। লজ্জা ঢাকতে হলে এই ম্যাচ জিততেই হবে অজিঙ্কা রাহানেদের। 6 এপ্রিল নিজেদের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে খেলবে KKR। আর এই দিনই বাংলার একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাহলে কি ভেস্তে যাবে KKR এর খেলা?
বৃষ্টিতে ভেস্তে যাবে KKR র ম্যাচ?
আবহাওয়া দপ্তর এবং কিছু আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামীকাল অর্থাৎ সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, হুগলি এমনকি পশ্চিম মেদিনীপুরেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকবে হাওয়ার দাপট। জানা যাচ্ছে, এই জেলাগুলিতে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
কিন্তু কেমন থাকবে কলকাতার আবহাওয়া? আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শহর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আবহাওয়ার আকস্মিক রূপ বদল না হলে সোমবার সুষ্ঠুভাবে সম্পন্ন হবে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাবের হাইভোল্টেজ ম্যাচ। তবে সন্ধ্যার দিকে আকাশ মেঘলা থাকতে পারে।
অবশ্যই পড়ুন: SIR ট্রাইব্যুনালে প্রথম নিষ্পত্তি, ভোটার তালিকায় নাম উঠছে ফারাক্কার কংগ্রেস প্রার্থী মাহাতাবের
প্রসঙ্গত, বিগত দুই ম্যাচে যেহেতু নিজেদের বোলিং বিভাগ নিয়ে ডুবেছে কলকাতা। তাই আগামীকালের ম্যাচে এই বিভাগে বিশেষ নজর দেবে KKR। তাছাড়াও শনিবার বল হাতে ইডেনে নেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে। তাতে আশা করা যায় হয়তো এই অজি তারকাকে দিয়ে কয়েক ওভার বল করানো যাবে।