আজীবন লড়তে পারবেন না ভোটে, রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের দাবি বিজেপির

Rahul Gandhi

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার সংসদের অন্দরে উত্তেজনা। কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে (Rahul Gandhi) ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক। তাঁর বিরুদ্ধে এবার স্বাধিকার ভাঙনের অভিযোগ এনে কড়া পদক্ষেপের দাবি তুলল বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। হ্যাঁ, তাঁর সাংসদ পদ খারিজ করার দাবি উঠল। এমনকি ভবিষ্যতে তিনি যাতে কোনওদিন নির্বাচনের লড়াই করতে না পারেন, সেই নিষেধাজ্ঞার দাবিও তোলা হয়েছে। প্রাক্তন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানের বই, কেন্দ্রীয় বাজেট আর ভারত-আমেরিকার বাণিজ্য চুক্তি নিয়ে একাধিক মন্তব্য করাতেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বিরুদ্ধে এরকম আপত্তি জানানো হয়।

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি

প্রসঙ্গত, সংসদে বাজেটের খামতি থেকে শুরু করে ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তিতে কৃষকদের স্বার্থ নিয়ে রাহুল গান্ধী একাধিক প্রশ্ন তুলেছিলেন, এবং শাসক দলে কাঠগড়ায় তুলেছিলেন। এমনকি কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরিকে এপস্টাইন ফাইল নিয়ে আক্রমণ করেছেন। এর জেরেই কংগ্রেস সাংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এমনকি তাঁর স্বাধিকার ভঙ্গের নোটিশও আনা হয়েছে। এ বিষয়ে নিশিকান্ত দুবে বলেছেন, রাহুল গান্ধীকে টাকা দিচ্ছে কে? দেশকে নষ্ট করার পিছনে আসল উদ্দেশ্য কী? কীভাবে রাহুল ওই বই হাতে পেল? লোকসভায় অবিলম্বে রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করতে হবে। সরকারের সম্মান নষ্ট করে এর আগেও রাহুল গান্ধী একাধিক বিতর্ক তৈরি করেছে, সে প্রতিরক্ষা হোক বা অর্থনীতি।

এদিকে বিজেপি যে নোটিশ পাঠিয়েছে সেখানে স্পষ্ট বলা হয়েছে, রাহুল গান্ধীর মনোভাব সম্পূর্ণ ঔদ্ধত্যপূর্ণ। তবে তাঁর এই মনোভাবের উৎপত্তি সোরোস ফাউন্ডেশন। যারা নিজেদের ক্লায়েন্ট রাষ্ট্রগুলির সুবিধার জন্য বিভিন্ন দেশকে অস্থিতিশীল করতে বিশ্বজুড়ে খ্যাত। এমনকি গত ১১ ফেব্রুয়ারি রাহুল তাঁর বক্তৃতায় বিভিন্ন ভারতীয় কর্পোরেটদের উল্লেখ করেছেন। পাশাপাশি একাধিক বিকৃত ছবি এঁকেও উপস্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থা নাকি ভেঙে পড়েছে। এগুলি দেশকে ভেতর থেকে অস্থির করার প্রচেষ্ট ছাড়া কিছুই নয়। অবিলম্বে তাঁর সদস্যপদ খারিজ করা উচিত।

আরও পড়ুন: ১২৪ বছরের রীতিতে ভাঙন, মেদিনীপুরের উরশে আসবে না বাংলাদেশ থেকে ট্রেন

এ বিষয়ে কংগ্রেস সাংসদ রেনুকা চৌধুরী বিজেপিকে পাল্টা কটাক্ষ করেছেন। তিনি জানান, নিশিকান্ত দুবে সরকারের মন্ত্রী হতে চান। সেই কারণেই তিনি রাহুল গান্ধীর সদস্যপদ খারিজ করার দাবি তুলে তুলছেন। বলবাহুল্য, রাহুল গান্ধীকে ২০২৩ সালের মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননার মন্তব্যে আদালত দোষী সাব্যস্ত করে দুই বছরের কারাগারের নির্দেশ দিয়েছিল। সেবারও তাঁর সদস্যপদ খারিজ করে দেওয়া হয়। ফের সেই দাবিতে উত্তাল দেশের রাজনীতি।

Leave a Comment