প্রীতি পোদ্দার, কলকাতা: নির্বাচনের আবহে সরগরম রাজ্য রাজনীতি, আর এই অবস্থায় ফের উন্নয়নমূলক কাজ নিয়ে প্রশ্নের মুখে পড়ল প্রশাসন। হুড়মুড়িয়ে ধসে পড়ল জাতীয় সড়কের ফ্লাইওভারের দেওয়াল (Highway Guard Wall Collapsed in Bardhaman)। জানা গিয়েছে, বুধবার সকালে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) মেমারি থানার সরডাঙা এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারের একটি সুবিশাল সাইড ওয়াল হুড়মুড়িয়ে ধসে পড়ে। বিকট আওয়াজে ছুটে আসে স্থানীয়রা। তড়িঘড়ি বর্ধমানমুখী লেনে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
ঠিক কী ঘটেছিল?
রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার সকালে হঠাৎই বর্ধমান লেনে ১৯ নং জাতীয় সড়কের সরডাঙ্গা মোড়ে গার্ডওয়াল ধসে জাতীয় সড়কের উপরের একাংশ সম্পূর্ণ ভেঙ্গে পড়ে। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন সকলে। তবে জাতীয় সড়কের গার্ডওয়ালে ধসের কারণে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ওই লেনের যান চলাচল। যাতায়াতের ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যত তাড়াতাড়ি সম্ভব মেরামতি বন্দোবস্ত করা হবে। ফলস্বরূপ কলকাতা-বর্ধমান লেনে যান চলাচল বন্ধ থাকবে। পর্যটকদের আগাম সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক পুলিশ।
নির্মাণ নিয়ে প্রশ্নের মুখে প্রশাসন
বুধবার সকালে এই বিপর্যয় ঘটার পরপরই ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট দপ্তরের ইঞ্জিনিয়ার এবং অন্যান্য কর্মীরা। হোমগার্ড নিখিলেশ দাস ও শেখ বাপ্পা এবং স্থানীয় পুলিশের সহায়তায় ওই অংশে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। এলাকাবাসীর দাবি, ১৯ নম্বর জাতীয় সড়কের এই অংশটি নির্মাণ করা হয়েছিল মাস আটেক আগে। তাহলে এত দ্রুত কীভাবে ভেঙ্গে পড়ল সেই নিয়ে উঠছে প্রশ্ন। নির্মাণ সামগ্রির গুণগত মান এবং সরকারি টাকার নয়ছয় নিয়েও অভিযোগ উঠছে।
আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের বিরুদ্ধে গর্জে উঠলেন প্রধান শিক্ষকরা
এলাকার বাসিন্দা শেখ মিলন জানান, “এই ঘটনাটি দিনের বেলায় ঘটায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে। চালকরা দেখতে পাওয়ায় গাড়ি সামলে নিয়েছেন। কিন্তু রাতে এই ঘটনা ঘটলে বড় কোনো প্রাণহানি ঘটতে পারত। তখন এর দায় কে নিত?” তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত দেওয়ালটি মেরামত করে রাস্তাটিকে আবার যান চলাচলের উপযুক্ত করে তোলা হবে।