সৌভিক মুখার্জী, কলকাতা: নিয়মিত ট্রেনে যাতায়াত করেন? কনফার্ম টিকিট কাটা থাকলেও নির্দিষ্ট ব্যক্তি ভ্রমণ করতে পারছে না? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, এতদিন এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন করত যে রিজার্ভ টিকিটে কি নাম পরিবর্তন করা যাবে? কিন্তু রেল কর্তৃপক্ষ (Indian Railways) এবার স্পষ্ট জানিয়ে দিল, হ্যাঁ, নির্দিষ্ট শর্তসাপেক্ষ মেনে নাম বদলের সুযোগ রয়েছে।
কীভাবে করবেন আবেদন?
আসলে নাম পরিবর্তনের জন্য যাত্রীকে ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের অন্তত ২৪ ঘণ্টা আগেই নিকটবর্তী কোনও রেলওয়ে রিজার্ভেশন অফিসে যেতে হবে। আর সঙ্গে রাখতে হবে ই-রিজার্ভেশন স্লিপের প্রিন্ট কপি এবং যাত্রীর ফটো পরিচয়পত্র। সেক্ষেত্রে আপনি আধার কার্ড নিয়ে নিতে পারেন। প্রয়োজনীয় আবেদনপত্র জমা দিলেই সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার বা প্রধান রিজার্ভেশন সুপারভাইজার নাম পরিবর্তনের অনুমতি দিয়ে দেবে।
তবে হ্যাঁ, পরিবারের মধ্যে টিকিট স্থানান্তরের সুবিধা রয়েছে। যাত্রীরা লিখিত আবেদন করলে তাঁর নামে কাটা টিকিট বাবা-মা কিংবা ভাই, বোন, ছেলেমেয়েরা অন্য যে কোনও কারো নামে ট্রান্সফার করা যেতে পারে। তবে আবেদন করতে হবে অবশ্যই ট্রেন ছাড়ার ২৪ ঘন্টার আগে। ২৪ ঘন্টার মধ্যে আবেদন করলে আর নাম পরিবর্তন হবে না।
সরকারি কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ
এদিকে সরকারি দায়িত্বে ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লিখিতভাবেই ২৪ ঘন্টা আগে নাম পরিবর্তনের আবেদন করতে পারবে বলে জানানো হয়েছে। আর যে কোনও স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ৪৮ ঘন্টা আগে লিখিত আবেদন করলে এক ছাত্রের নামে কাটা টিকিট একই প্রতিষ্ঠানের অন্য কোনও ছাত্রের নামে ট্রান্সফার করা যাবে। পাশাপাশি বিবাহ অনুষ্ঠানের জন্য গ্রুপ বুকিং করা হলে দলের প্রধান ৪৮ ঘণ্টা আগে আবেদন করে এক সদস্যের টিকিট অন্য সদস্যের নামে করে নিতে পারবে। এছাড়া এনসিসি ক্যাডেট দলের গ্রুপ লিডার ট্রেন ছাড়ার অন্তত ২৪ ঘন্টা আগে আবেদন করতে পারবে।
আরও পড়ুন: এবার পাকিস্তানে এয়ারস্ট্রাইক আফগানিস্তানের, কাঁপল ইসলামাবাদ!
তবে রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাম পরিবর্তনের সুযোগ শুধুমাত্র একবারই পাওয়া যাবে। এক টিকিটে একবারের বেশি নাম পরিবর্তন করা যাবে না। আর গ্রুপ বুকিং এর ক্ষেত্রে মোট যাত্রীর ১০% এর বেশি কোনও ভাবেই নাম পরিবর্তন করতে পারবে না। এমনকি ছাড়ভিত্তিক টিকিটে নাম পরিবর্তনের সুবিধা প্রযোজ্য হবে না।