প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে গোনা আর মাত্র কয়েকটা মাস। তারপরেই রাজ্য জুড়ে নিবার্চনের (West Bengal Election 2026) দামামা বাজতে চলেছে। এমতাবস্থায় প্রচার কার্যেও বেশ জোর দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি। এবার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ বার্তা উঠে এল হিন্দিভাষীদের তরফ থেকে। স্পষ্ট জানানো হল যে ভাষা বা ধর্মের বিভাজন নয়, উন্নয়নের নিরিখেই তৃণমূল কংগ্রেস-এর পাশে থাকবেন তাঁরা।
লিট্টি চোখা উৎসব বড়বাজারে
রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ রবিবার, বড়বাজারে আয়োজন করা হয়েছিল ‘লিট্টি চোখা উৎসব’। আর এই উৎসবের আয়োজন করেছিলেন তৃণমূল নেতা কৃষ্ণপ্রতাপ সিং। তিনি আবার স্থানীয় তৃণমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি। সেই উৎসবেই উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম, মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, ডা. সুদীপ্ত রায়, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বাবুন বন্দ্যোপাধ্যায়, কাউন্সিলর অয়ন চক্রবর্তী। এমনকি উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
আরও পড়ুনঃ জানুয়ারি মাসে ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দেখুন নবান্নের হলিডে লিস্ট
চতুর্থবারের জন্য আসবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার!
লিট্টি চোখা উৎসবের সভায় বক্তব্য রাখতে গিয়ে এদিন সুব্রত বক্সি বলেন, “যাঁরা বিহার বা অন্য রাজ্য থেকে এসে বাংলায় বসবাস করছেন, তাঁরা যেন কোনও ভেদাভেদের রাজনীতিতে পা না দেন। উন্নয়নের নিরিখে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আসতে চলেছে।” উৎসবের মঞ্চে এদিন রাজনৈতিক বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “বাংলা শুধু বাংলা ভাষাভাষীদের নয়। যাঁরা কাজ, জীবন ও ভালোবাসার টানে এই রাজ্যকে নিজের করে নিয়েছেন, এই বাংলা তাঁদেরও। এখানে ভাষা বা ধর্মের নামে বিভাজন করে বিজেপি সফল হবে না।”
আরও পড়ুন: ৭১-এ পা দিলেন মুখ্যমন্ত্রী মমতা! সুস্বাস্থ্য কামনা করে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির
তৃণমূল নেতা কুণাল ঘোষ লিট্টি চোখা উৎসবের সভায় বলেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৯৩টি প্রকল্প—বাংলা, হিন্দি বা উর্দু ভাষাভাষী সকলের জন্য সমান। উন্নয়নই শেষ কথা। সেই উন্নয়নের স্বার্থেই সবাইকে একজোট হয়ে তৃণমূলের পাশে থাকতে হবে” মঞ্চে এদিন ছাব্বিশের ভোটে তৃণমূলের পাশে থাকার বার্তা দিয়ে উৎসবের আয়োজক কৃষ্ণপ্রতাপ সিং জানান, “বিহার থেকে আসা হিন্দিভাষী সম্প্রদায়ের পক্ষ থেকে আমরা শপথ করে বলছি আবারও তৃণমূল কংগ্রেসকে জেতাতে মাঠে নামব।” আর এই মন্তব্য ছড়িয়ে পড়তেই স্বাভাবিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন যে ছাব্বিশের নির্বাচনের আগে এই বার্তা রাজ্যের বহুভাষিক ভোটব্যাঙ্কে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।