প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের আবহে সম্প্রতি পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর পদত্যাগ রাজ্য রাজনীতিতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দাবি করেছেন, এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক কারণ থাকতে পারে। তবে সব কিছু ভুলে রেখে এবার রাজ্যবাসীর কাছে খোলা চিঠি লিখলেন বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। সকলের জন্য মা দুর্গার কাছে করলেন মঙ্গল কামনা।
খোলা চিঠি আনন্দ বোসের
রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি খোলা চিঠি লিখেছেন। যেখানে তিনি স্পষ্ট জানিয়েছেন, “রাজ্যপাল পদে আমার মেয়াদ শেষ হয়ে গিয়েছে ৷ তবুও পশ্চিমবঙ্গে আমার যাত্রা এখনও শেষ হয়নি । আমি আমার দ্বিতীয় বাড়ি-পশ্চিমবঙ্গের সঙ্গে এর অবিচ্ছেদ্য অংশ হিসাবে যুক্ত থাকব।” চিঠিতে আনন্দ বোস পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা ও আন্তরিকতার কথা উল্লেখ করে বলেন, “আমার প্রিয় বাংলার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ, শিশুদের উচ্ছ্বাস, যুবকদের দৃঢ় করমর্দন এবং প্রবীণদের স্নেহময় দৃষ্টির স্মৃতি অমূল্য হয়ে থাকবে। আমি আবারও আপনাদের প্রতি আমার সমর্থন এবং বিবেচনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
রাজ্যের মানুষের আন্তরিকতা নিয়ে আপ্লুত বোস
চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটি অংশও তুলে ধরেছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস যেখানে শ্রমজীবী মানুষের মধ্যেই ঈশ্বরের উপস্থিতির কথা বলা হয়েছে। বাংলার সংস্কৃতি, সাহিত্য ও মানুষের আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি জানিয়েছেন, এখানে কাটানো সময় তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রাজ্যের বিভিন্ন জেলা সফর করে সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলার সুযোগ পেয়েছেন। কখনও সাধারণ মানুষের বাড়িতে বসে খেয়েছেন, কখনও ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটিয়েছেন। আবার নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করার অভিজ্ঞতাও তাঁর কাছে অত্যন্ত মূল্যবান।
আরও পড়ুন: আট মাসেই মেমারিতে ধসল ১৯ নং জাতীয় সড়কের গার্ডওয়াল, বন্ধ যান চলাচল
খোলা চিঠির শেষে বিদায়ী রাজ্যপাল পশ্চিমবঙ্গের মানুষের উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে বাংলা আরও গৌরবের শিখরে পৌঁছাবে বলে তাঁর বিশ্বাস। একইসঙ্গে তিনি বাংলার মানুষের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে লেখেন, ‘মা দুর্গা আমার জনগণকে রক্ষা করুন।’ প্রসঙ্গত, গতকাল বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাক্ষাতের পর মমতা বলেন, ‘‘উনি চলে যাচ্ছেন। তাই ওঁর সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা একসঙ্গে অনেক দিন কাজ করেছিলাম। আমার সঙ্গে ওঁর ভাল সম্পর্ক ছিল।’’