“আমার সব কেড়ে নিয়েছে বিজেপি, কমিশন! ”ময়নাগুড়ি থেকে বিস্ফোরক মমতা

প্রীতি পোদ্দার, কলকাতা: ভোটের দামামা (West Bengal Election 2026) বেজে গিয়েছে রাজ্য জুড়ে। জেলায় জেলায় চলছে জোরকদমে ভোট প্রচার। এদিকে উত্তরবঙ্গ দিয়েই ভোটপ্রচার শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ বার ময়নাগুড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রামমোহন রায়কে। তাঁর সমর্থনেই প্রথম জনসভা করলেন তিনি। এদিকে এদিনের সভা থেকেই নাম না-করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেন মমতা।

গ্যাস পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ মমতার

রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ বুধবার জলপাইগুড়ির ময়নাগুড়ি থেকে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারকার্য শুরু করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে একের পর এক ক্ষোভ প্রকাশ করলেন তিনি। মমতা বলেন, “বিজেপি এবং কমিশন মিলে আমার সব কেড়ে নিয়েছে। গ্যাস থেকে পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। আমার হাতে আর কিছু নেই। আমার কিছু করার নেই। তবে আমার কাছে শুধু মানুষ আছে।” মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গকে ভেঙে বিহারের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র করছে কেন্দ্র। পাশাপাশি এদিন তিনি নির্বাচন কমিশনের নথিতে বিজেপির প্রতীক নিয়েও ক্ষোভ প্রকাশ করলেন।

উত্তরবঙ্গের উন্নতি নিয়ে কী বললেন মমতা?

ময়নাগুড়ির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শীর্ষ নেতৃত্বদের গলায় দড়ি দিয়ে মরার পরামর্শ দিলেন। তিনি জানান, “এরা সংবিধান, গণতন্ত্র কিছুই মানছে না। কাল বলবে এনআরসি করে ডিটেনশন ক্যাম্প করব। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না।” এছাড়াও উত্তরবঙ্গের উন্নতি নিয়েও তিনি জানান, “একসময় অবহেলিত ছিল। এখন পরিস্থিতি বদলেছে। প্রায় প্রতি মাসেই এখানে আসি আমি। এত ঘনঘন আসায় আমাকে দেখে হয়তো অনেকেই বিরক্ত হয়ে পড়েন। তৃণমূলকে কেন ভোট দেবেন, তার ব্যাখ্যাও করেন তিনি। মমতার দাবি, ‘‘চা-বাগান খোলা রাখতে, চা সুন্দরী চালু রাখতে তৃণমূলকে ভোট দিন।’’

বিজেপিকে ‘বসন্তের কোকিল’ বলেন মমতা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন যে, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে। এমনকি তিনি মনে করিয়ে দেন যে, মানুষের অধিকারের জন্য রাস্তা থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন। এছাড়াও ‘বসন্তের কোকিল’ বলে উল্লেখ করে ফের একবার বাংলা ভাষাকে অপমান করার জন্য বিজেপিকে আক্রমণ করেন মমতা। তিনি জানান ভুলেও কেউ যেন ভোটের আগে পদ্ম শিবিরের মিথ্যা প্রতিশ্রুতিতে পা না দেন। অন্যদিকে, গ্যাস বুকিংয়ের সময়সীমা বাড়ানো নিয়েও সমালোচনা করেন তিনি।

আরও পড়ুন: DA নিয়ে নতুন লড়াই, রাজ্যের বিরুদ্ধে আবারও রাস্তায় নেমে আন্দোলন

ময়নাগুড়ির সভা থেকে আলুচাষিদের আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। ক্ষতি হচ্ছে আলু চাষের। আলু চাষিরা চিন্তা করবেন না। আলু চাষিদের শস্যবিমা করা আছে। সবাই ক্ষতিপূরণ পাবেন। এটা আগে থেকে করা আছে।’’

Leave a Comment