বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাশিয়া থেকে তেল কেনাকে অপরাধ হিসেবে দেখিয়ে ভারতের উপর দুই দফায় 50 শতাংশ শুল্ক চাপিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাতে নয়া দিল্লি-ওয়াশিংটন ডিসির সম্পর্ক যেমন ধাক্কা খেয়েছে, তেমনই বিগত দিনগুলিতে 6 বিলিয়ন মার্কিন ডলার হারিয়েছে ভারতীয় রপ্তানি খাত। এক কথায়, আমেরিকার শুল্কের ধাক্কায় বেশ ক্ষতি হয়েছে ভারতে। তবে এবার শোনা যাচ্ছে, ট্রাম্পের সেই শুল্কাঘাতের সমস্ত ক্ষতি পূরণ করে নেবে নয়া দিল্লি। শীঘ্রই ইউরোপীয় ইউনিয়নের সাথে বিরাট চুক্তিতে স্বাক্ষর করবে ভারত (India-EU Trade Deal)।
ইউরোপীয় ইউনিয়নের সাথে বিরাট চুক্তির পথে ভারত
জল্পনা বেড়েছিল আগেই। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের আটটি দেশের উপর শুল্কের প্রহার করতেই একেবারে চেতে উঠেছিল দেশগুলি। প্রসঙ্গ উঠেছিল ট্রেড বাজুকা প্রহারের। আর তখনই অনেকেই ধরে নিয়েছিলেন ভারতের সাথে খুব শীঘ্রই বড় বানিজ্যচুক্তি করতে পারে ইউরোপীয় ইউনিয়ন। শেষ পর্যন্ত সেটাই হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 27 জানুয়ারি সব ঠিক থাকলে ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা FTA স্বাক্ষর করবে ভারত।
ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন উভয় পক্ষের নেতারাই আসন্ন চুক্তিটিকে মাদার অফ অল ডিল বলে অভিহিত করেছেন। তাঁদের বক্তব্য, এই বিশেষ চুক্তির মধ্য দিয়ে ইউরোপের 27টি দেশে শুল্ক ছাড়াই ব্যবসা করার সুযোগ পাবে ভারত। বলাই বাহুল্য, প্রজাতন্ত্র দিবসের দিন ভারতে রয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট তথা প্রধান অতিথি। একাধিক সূত্র মারফত খবর, ভারতীয় অফিসিয়ালদের সাথে দুই দেশের বাণিজ্য নিয়ে বৈঠক চলছে। এই বৈঠকের পরই বাণিজ্য চুক্তি নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের মেনু, মিলবে আমিষ খাবারও
কতটা লাভবান হবে ভারত?
বিশ্লেষক মহলের অনেকেরই দাবি, ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সম্ভাব্য চুক্তিটি স্বাক্ষরিত হলে ভারতীয় রপ্তানি বাণিজ্য উদ্ভূও প্রায় 50 বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। এমকে গ্লোবালের গবেষণায় উঠে এসেছে, ভারত এবং ইউরোপের দেশগুলির চুক্তি স্বাক্ষরিত হলে ভারতের সাথে ইউরোপের বাণিজ্য 2031 সালের মধ্যে 50 বিলিয়ন ডলার বৃদ্ধি পাবে। বলে রাখি, 2025 আর্থিক বছরে ভারত এবং ইউরোপের মোট রপ্তানির পরিমাণ ছিল 17.3 শতাংশ। মনে করা হচ্ছে চুক্তির পর 2031 সালের মধ্যে রপ্তানির পরিমাণ 23 শতাংশে পৌঁছে যাবে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, আমেরিকা, ভারতের উপর শুল্ক চাপানোর কারণে যে 6 বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে নয়া দিল্লির, ইউরোপের সাথে বাণিজ্য চুক্তির ফলে সেই ক্ষতি পূরণ হওয়ার পাশাপাশি 10 গুণ বা তারও বেশি লাভ হবে ভারতের!