সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত আর পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এবার উদ্ভট মন্তব্য করে বসলেন ভারতে নিযুক্ত পাকিস্তানের প্রাক্তন হাই কমিশনার আব্দুল বাসিত (Abdul Basit)। এক ভাইরাল ভিডিওতে তাঁকে সরাসরি ভারতের দিল্লি এবং মুম্বাইয়ের মতো মেট্রো শহরগুলিতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিতে দেখা গেল (Pakistan on India)। তাঁর দাবি, যদি কখনো আমেরিকা বা ইজরায়েল পাকিস্তানের উপর আক্রমণ করে, তাহলে বদলা নিতে ভারতকেই লক্ষ্যবস্তু করা উচিত।
ভারতকে লক্ষ্যবস্তু পাকিস্তানের
প্রসঙ্গত, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত দিল্লিতে পাকিস্তানের রাস্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আবদুল বাসিত। তবে সম্প্রতি এক লাইভ অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করে বসলেন তিনি। তাঁর মতে, আমেরিকা বা ইজরায়েলের মতো দূরবর্তী শত্রুদের সরাসরি আঘাত করার ক্ষমতা যদি না থাকে, তাহলে পাকিস্তানের উচিত তাদের কাছে থাকা ভারতকেই টার্গেট বা লক্ষ্যবস্তু বানানো। ভিডিওতে তাঁকে সরাসরি বলতে শোনা যায়, “আমাদের জন্য কোনও রুট ভালো হবে? ভারত।” তিনি আরও যোগ করেছেন, মূল আক্রমণকারীদের নাগাল না পেলেও ভারতের উপর হামলা করার পরিকল্পনা কখনো ত্যাগ করা উচিত নয়।
এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলির মতে, বাসিদের এই মন্তব্য কোনও আকস্মিক ঘটনা নয়, বরং এটি পাকিস্তানের উচ্চশিক্ষিত অভিজাত শ্রেণি এবং সেনাশাসিত ব্যবস্থার জিহাদী মানসিকতার বহিঃপ্রকাশ। গোয়েন্দা সূত্রে খবর, একজন প্রাক্তন উচ্চপদস্থ কূটনৈতিক নেতা যখন এরকম কথা বলেন তখন বুঝতে হবে যে, এটি পাক সামরিক চিন্তাধারারই অংশ। আর দিল্লি এবং মুম্বাইয়ের নাম সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করে বাসিদ আসলে ২৬/১১ এর মতো ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার স্মৃতিকেই উস্কে দিতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: পবিত্র করকে প্রার্থী করে চমক দিয়েছিল তৃণমূল, এবার নন্দীগ্রামে আরও বড় কাণ্ড ঘটালেন শুভেন্দু!
বেশ কিছু বিশ্লেষকদের মতে, বাসিদ কৌশলে ভারতকে পশ্চিমী দেশগুলির সামরিক পদক্ষেপের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছেন। এমনকি তিনি বোঝাতে চাইছেন যে, বিশ্বজুড়ে মুসলিম দেশগুলোর উপর কোনও আক্রমণ হলে পাকিস্তান তার শোধ ভারতের উপরেই তুলবে। এটি মূলত দক্ষিণ এশিয়ার শান্ত পরিস্থিতিকে আরও অশান্ত করার প্রচেষ্টা। এদিকে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি বাসিদের এহেন মন্তব্যকে হুমকির অংশ হিসেবেই দেখছে। আর শিক্ষিত আর হাই প্রোফাইল ব্যক্তিত্বদের নিয়ে এই ধরনের উগ্র মন্তব্য যে সাধারণ মানুষকে ছায়াযুদ্ধের জন্য প্রস্তুত করানো হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না।