“আরেকটা পহেলগাঁও ব্লু প্রিন্ট রেডি…” পাকমন্ত্রী কলকাতায় হামলার হুমকি দিতেই মোদীকে তোপ মমতার

প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যজুড়ে যেন ভোটের (West Bengal Election 2026) দামামা বেজে গিয়েছে। জেলায় জেলায় বিধানসভা নির্বাচনের প্রচারকাজ শুরু হয়েছে। এমতাবস্থায় সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee) কৃষ্ণনগরের নাকাশিপাড়ায় নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে গিয়ে হাতিয়ার করলেন পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফের হুঁশিয়ারিকে। জাতীয় নিরাপত্তা নিয়ে পাকিস্তানের হুমকি শুনে চুপ কেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী? নরেন্দ্র মোদীকে বিঁধে প্রশ্ন তুললেন মমতা।

কলকাতাকে টার্গেট করে পাকমন্ত্রীর হুমকি

উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল কাশ্মীরের বিখ্যাত এবং আকর্ষণীয় পর্যটনস্থল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ চলে গিয়েছিল ১৮ জন নিরীহ মানুষের। হামলায় মাস্টারমাইন্ড হিসেবে লস্করের নাম উঠে আসে। যদিও ওই ঘটনার প্রতিবাদে নয়াদিল্লির অপারেশন সিঁদুর অভিযানের স্মৃতি এখনও টাটকা। আর এই পরিস্থিতিতে গতকাল, রবিবার পাকিস্তানের সিয়ালকোটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দেশের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ স্পষ্ট হুঁশিয়ারির সুরে বলেন, “ভারত যদি এবার মিথ্যা অজুহাতে কোনও রকম অভিযান চালানোর চেষ্টা করে, তাহলে আমরা সেই সংঘাত কলকাতা পর্যন্ত টেনে নিয়ে যাব। আমরা তাদের ভূখণ্ডে প্রবেশ করে, তাদের ঘরে ঢুকে হামলা চালাব।” আর সেই নিয়ে এবার মোদীকে খোঁচা দিলেন মমতা।

গর্জে উঠলেন মমতা

রিপোর্ট মোতাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নদীয়ার বেথুয়াডহড়ির নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গর্জে ওঠেন। তিনি জানান, “পাকিস্তানের মন্ত্রী কলকাতাকে নিশানা করার কথা বললেন কী করে? মোদি তো গতকাল এখানে এসেছিলেন প্রচার করতে। তখন কোনও পদক্ষেপ করার কথা বললেন না কেন? পাকিস্তানকে পালটা হুঁশিয়ারি কেন দেওয়া হল না? কেন চুপ রইলেন? ওখানকার মন্ত্রীকে দিয়ে কে একথা বলিয়েছেন? সবকিছুর তদন্ত চাই। আমরা কলকাতাকে আক্রমণের কথা বললে মানব না।”

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরি হারাতে পারেন ২০ লক্ষ শিক্ষক! হতে পারে গণ-ছাঁটাই

দ্বিতীয় পহেলগাঁও-র ব্লু-প্রিন্ট!

প্রচারের মাঝেই মোদীকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ প্রধানমন্ত্রী কি নির্বাচনের আগে আরও একটা পহেলগাঁও-র ব্লু-প্রিন্ট তৈরি করছে? এটা কি কেবলই লোক দেখানো ছলনা? বাংলার মানুষকে লক্ষ্য বানালে বাংলাও দিল্লিকে টার্গেট করবে। ভারতীয় হিসেবে আমরা এই অপমান মানব না। আপনি রাজনৈতিক স্বার্থে বাংলাকে নিশানা করতে পারেন, কিন্তু ভিনদেশের প্রতিরক্ষামন্ত্রী যখন বাংলাকে টার্গেট করেন, তখন কেন আপনি চুপ?’’ এই বিস্ফোরক দাবির পাশাপাশি মোদীর পদত্যাগও দাবি করেন মুখ্যমন্ত্রী।

Leave a Comment