ইংল্যান্ডকে কাঁদিয়ে T20 বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত

বিক্রম ব্যানার্জী, কলকাতা: জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ জিতে সেমিফাইনালে (India Vs England) নিজেদের আসন পাকা করে নিয়েছিল ভারত। বিশ্বকাপের মহামঞ্চে জায়গা করতে হলে হারাতে হতো শক্তিশালী দল ইংল্যান্ডকে। সেই মতোই, কোমর বেঁধে নেমেছিল টিম ইন্ডিয়া। সঞ্জু স্যামসন থেকে শুরু করে ইশান কিষাণ, অক্ষর প্যাটেলদের সঙ্ঘবদ্ধ লড়াইয়ে বৃহস্পতিবার ইংরেজ বাহিনীকে একেবারে ধসিয়ে দিয়ে ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ হয়ে গেল মেন ইন ব্লু।

ভারতের সামনে টিকলো না ইংল্যান্ডের লম্ফঝম্প

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে টস হেরে প্রথমে ব্যাট করতে যায় ভারত। তাতে শুরুতে অভিষেক শর্মার উইকেট হারালে গত ম্যাচের নায়ক সঞ্জু প্রতিপক্ষকে একেবারে বুঝে নিয়েছিলেন। এদিন 9 রান করে অন্যান্য দিনের মতো অভিষেক মাঠ ছাড়তেই একেবারে রুদ্রমূর্তি ধরেন স্যামসন। পাশে ছিলেন সতীর্থ ইশান কিষাণ। দুই তারকার কাঁধে চেপে ভালই এগোচ্ছিল টিম ইন্ডিয়া।

এদিকে, ইংল্যান্ডের বোলিং বিভাগ ক্রমাগত ভারতকে চাপে ফেলার চেষ্টায় ছিল। শেষ পর্যন্ত সেই চেষ্টায় সফল হয় তারা। 39 রানে ইশান আউট হয়ে গেলে মাঠে নামেন শিবম দুবে। তারপরই ঝড় উঠে মাঠে। ওয়াংখেড়ের হাই স্কোরিং পিচকে কাজে লাগিয়ে অর্ধশতরান না হলেও ইংরেজদের পিটিয়ে 25 বলে 43 রান করেন তিনি। এরপর একপ্রকার ঝড়ের গতিতেই উইকেট পড়তে থাকে সূর্যকুমারদের। তবে শেষ পর্যন্ত ভারতকে বাঁচিয়ে দিয়েছিল সঞ্জুর ইনিংস। দক্ষিণী ব্যাটসম্যানের কাঁধে চেপে আজ ইংল্যান্ডকে 254 রানের লক্ষ্য দিয়েছিল ভারত।

ভারতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমেই 5 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন ফিল সল্ট। এরপর 7 রান করে জসপ্রীত বুমরাহর বলে ধরা পড়েন অধিনায়ক হ্যারি ব্রুক। মাঝে ভাল শুরু করলেও 17 রানে আউট হন টম ব্যান্টন। তবে এরপর যা হল তা মনে রাখার মতো। দুই ইংরেজ তারকা উইল জ্যাকস এবং জ্যাকব বেথেলের দুর্ধর্ষ লড়াই চিন্তা বাড়িয়ে দিয়েছিল ভারতের। রক্তচাপ বাড়ছিল সমর্থকদের। একটানা দীর্ঘক্ষণ ধরে ভারতকে চাপে রেখেছিল এই দুই প্লেয়ার। যদিও শেষ পর্যন্ত অর্শদীপ সিংয়ের বলে অক্ষর এবং দুবের যৌথ চেষ্টায় ক্যাচ আউট হন জ্যাকস।

অবশ্যই পড়ুন: ২২ হাজার টাকা বিনিয়োগে দিনে ৭০ হাজার আয়? যা জানাল কেন্দ্র সরকার

এরপর থেকে ভারতীয় বোলিং আক্রমণের তেজকে উপেক্ষা করে ধীরে ধীরে এগিয়ে চলছিল ইংল্যান্ড। অন্যদিকে ভারতের লক্ষ্য ছিল প্রতিপক্ষের উইকেট ভেঙে যে কোনও প্রকারে নিজেদের এগিয়ে রাখা। দেরিতে হলেও সেই লক্ষ্যে সফল হয় টিম ইন্ডিয়া। জেকবের শত রানের মাঝেও উইকেট ফেলে টিম ইন্ডিয়া। আর সেখানেই হেরে গিয়েছিল ইংরেজরা। কারণ জিততে হলে ইংল্যান্ডকে করতে হতো 6 বলে 30 রান। স্বাভাবিকভাবে ইতিহাস বদলাতে না পেরে ভারতের কাছে পরাজয় স্বীকার করেই বিশ্বকাপ থেকে বিদায় নিল লাল ব্রিগেড। অন্যদিকে, ক্ষমতা দেখিয়ে বিশ্বকাপের ফাইনালে পা রাখল ভারত।

Leave a Comment