ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ, অধিক রাতেও চলবে মেট্রো, দেখুন সময়সূচি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চেপকে জিম্বাবুয়েকে ধবল ধোলাই করার পর সেমিফাইনালে ওঠার মরণবাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত। আগামী 1 মার্চের সে লড়াই গড়াবে শহর কলকাতার প্রাণকেন্দ্র ইডেন গার্ডেন্সে। হাইভোল্টেজ এই ম্যাচ নিয়ে শহরবাসীর মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে যেহেতু রাতের ম্যাচ ফলে খেলা দেখে বাড়ি ফেরার চিন্তা থাকে (Kolkata Special Metro)। এবার সেই চিন্তা দূর করতে বড় পদক্ষেপ কলকাতা মেট্রোর। জানা যাচ্ছে, রবিবার, ভারতের ম্যাচ দেখে সমর্থকরা যাতে সহজে বাড়ি ফিরতে পারেন সেজন্যই ম্যাচের পরেও মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রাতেও মিলবে মেট্রো

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পর্যন্ত ভারতের কোনও ম্যাচ পায়নি ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স। কাজেই পহেলা মার্চের ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি এ বছর ইডেনের প্রথম বিশ্বকাপ ম্যাচ। তার উপর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই। ফলে রবিবার ইডেনে যে সমর্থকদের ভিড় উপচে পড়বে সে কথা বলার অপেক্ষা রাখে না। সন্ধ্যা 7টা থেকে শুরু হয়ে ম্যাচ চলতে পারে 10টা পর্যন্ত। সেক্ষেত্রে স্টেডিয়াম থেকে বাড়ি ফেরার একটা চাপ থাকে সমর্থকদের। সেই সমস্যা দূর করতেই রবিবার ব্লু লাইনে অধিক রাতে মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মেট্রোর দেওয়া তথ্য অনুযায়ী, এসপ্ল্যানেড থেকে এদিন রাত 11টা 15 মিনিটে ছেড়ে একটি মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে। ঠিক এই সময় অন্য আরেক মেট্রো এসপ্ল্যানড স্টেশন থেকে যাত্রীদের পৌঁছে দেবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত। কলকাতা মেট্রো সূত্রে খবর, এই দীর্ঘ যাত্রাপথে প্রতিটি স্টেশনে থামবে মেট্রো। শুধু তাই নয় শোনা যাচ্ছে, মেট্রো যাত্রীদের যাতে টিকিট কাটতে কোনও সমস্যা না হয় সেজন্য অধিক রাতেও খোলা থাকবে টিকিট কাউন্টার।

অবশ্যই পড়ুন: হাওড়া ডিভিশনে বাতিল ৬৫টি লোকাল ট্রেন, তালিকা দিল পূর্ব রেল

উল্লেখ্য, সাধারণত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সময় ইডেনে ম্যাচের দিনগুলিতে অধিক রাতে চলাচল করে মেট্রো। এই বিশেষ পরিষেবা পাওয়া যায়, দুর্গাপুজোর সময়ও। তাছাড়াও সম্প্রতি কালী পুজোতে অধিক রাত পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই তালিকায় জুড়ে গেল ইডেনে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ ম্যাচের দিনটিও।

Leave a Comment