ইন্ডিগো বিভ্রাটের মাঝে নতুন এয়ারলাইন্স লঞ্চ করছে আম্বানির Jio? সোশ্যাল মিডিয়ায় উঠল ঝড়

Reliance New Airlines

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশজুড়ে গত কয়েকদিন ধরে ইন্ডিগোর বিমান পরিষেবা হঠাৎ করে ব্যাহত। ৬০০-র বেশি ফ্লাইট বাটিল, এমনকি কয়েকশো ফ্লাইট চলছিল দেরিতে। আর তার সঙ্গে এয়ারপোর্টে যাত্রীদের পোহাতে হচ্ছিল শুধু ভোগান্তি। লম্বা লাইন, চেক-ইনে জট, সবমিলিয়ে পরিস্থিতি একেবারে বিভ্রাটের মধ্যে পড়েছিল। তবে এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল যে, মুকেশ আম্বানির রিলায়েন্স নাকি নতুন এয়ারলাইন্স (Reliance New Airlines) লঞ্চ করতে চলেছে, তাও আবার এক বছরের ফ্রী টিকিট পরিষেবা দিয়ে! কিন্তু এর পিছনে আসল কাহিনী জানেন? চোখ রাখুন এই ফ্যাক্ট চেকের উপর।

ইন্ডিগোর সার্ভিসে বিরাট বিপর্যয়

প্রথমেই জানিয়ে রাখি, গত ১ নভেম্বর থেকে ডিজিসিএ নতুন ডিউটি এবং বিশ্রাম সংক্রান্ত নীতি কার্যকর করেছিল। আর সেই নতুন নিয়ম অনুযায়ী, পাইলটরা দৈনিক সর্বোচ্চ ৮ ঘন্টা ডিউটি করতে পারবে। সাপ্তাহিক হিসেবে তা ৩৫ ঘণ্টা, মাসিক হিসেবে ১২৫ ঘন্টা এবং বার্ষিক হিসেবে ১০০০ ঘন্টা ডিউটি করতে পারবে তাঁরা। অন্যদিকে ক্রু সদস্যদের ২৪ ঘন্টায় ন্যূনতম ১০ ঘন্টা বিশ্রাম দিতে হবে।

তবে নতুন নিয়ম কার্যকর হতেই পাইলট এবং ক্রু সদস্যের সংকট দেখা যায়। কারণ, দেশের মধ্যে সবথেকে বড় বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। সেই কারণে অনেক ফ্লাইট রিশিডিউল করতে হয়, এমনকি বাতিল হয় প্রচুর উড়ান। এর জেরে দিল্লি, পুণে, হায়দ্রাবাদ সহ বেশ কিছু বড় বড় বিমানবন্দরে প্রযুক্তিগত সমস্যার কারণে চেক-ইন এবং ডিপারচার সিস্টেম কার্যত ভেঙে পড়েছিল যা পরিস্থিতিকে আরও সংকটের দিকে ঠেলে দেয়। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এমনকি অনেকেই গন্তব্যে পৌঁছতেই পারেননি। শেষমেষ দু-তিন দিন পর অনেক টালবাহানা কাটিয়ে বিমান পরিষেবা আবার স্বাভাবিক করে ইন্ডিগো এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন ভাড়ার স্ল্যাবও জারি করা হয়। পাশাপাশি যাত্রীদের থেকে নেওয়া ৬১০ কোটি টাকা ফেরত দিতেও বাধ্য হয় ইন্ডিগো সংস্থা।

আরও পড়ুন: অবস্থা গুরুতর, ঢাকায় নামছে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স! লন্ডনের পথে খালেদা জিয়া

নতুন এয়ারলাইন্স লঞ্চ করছে আম্বানির Jio?

এদিকে ইন্ডিগো সংকটের চূড়ান্ত পর্যায়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় দাবি উঠছে যে, রিলায়েন্স নাকি খুব শীঘ্রই এয়ারলাইন্স লঞ্চ করতে পারে। আর মুকেশ আম্বানি তাঁর জিওর মতোই এতে এক বছর ফ্রি টিকিট সার্ভিস দেবে। এই পোস্ট সামনে আসলেই লক্ষ লক্ষ ব্যবহারকারী তা না জেনে বুঝেই শেয়ার করতে থাকে এবং আলোচনা দেখে অনেকেই ধরে নেয় যে খবরটি সত্যি। তবে আমরা আপনাকে স্পষ্ট বলি, এই দাবি সম্পূর্ণ ভুয়ো। এর কোনও যুক্তি নেই। রিলায়েন্সের তরফ থেকে কোনও নতুন এয়ারলাইন্স লঞ্চের ঘোষণা করা হয়নি, এমনকি এক বছরের ফ্রি অফারের ঘোষণার তো কোনও ভিত্তিই নেই। সোশ্যাল মিডিয়ার গুজবের এই বিষয়টিকে বিশ্বাসযোগ্য কোনও সূত্র সমর্থন করেনি। তাই অহেতুক গুজবে কান দেবেন না। ইন্ডিগো সংকটের সুযোগেই সোশ্যাল মিডিয়ায় এই ভুয়ো তথ্য ভাইরাল হচ্ছে। তা ছাড়া আর কিছুই নয়।

Leave a Comment