উচ্চ মাধ্যমিক শুরুর আগেই বাতিল ৪ হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড! নতুন অ্যাডমিট কোথায় মিলবে?

HS Admit Card Issue before higher secondary examination

বিক্রম ব্যানার্জী, কলকাতা: উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি থেকে। আর তার আগেই বাতিল হয়ে গেল প্রায় 4 হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ড (HS Admit Card Issue)। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের ওই অ্যাডমিট কার্ডগুলিতে বিশেষ কিছু সমস্যা দেখা দেওয়ায় সেগুলিকে বাতিল ঘোষণা করতে বাধ্য হয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আর তারপরেই নতুন করে অ্যাডমিট কার্ড ছাপিয়ে তা বিতরণ করতে হয়েছে পড়ুয়াদের মধ্যে।

ঠিক কোন কারণে বাতিল হয়েছে 4 হাজার অ্যাডমিট?

উচ্চ মাধ্যমিকের চতুর্থ তথা চূড়ান্ত সেমিস্টারে বসার ঠিক আগেই বলা চলে একেবারে শেষ মুহূর্তে এসে প্রায় 4 হাজার পড়ুয়ার অ্যাডমিট কার্ডে বেশ কিছু মুদ্রণ ত্রুটি দেখা দেয়। সূত্রের খবর, ওই অ্যাডমিট কার্ডগুলির বেশিরভাগেই পড়ুয়াদের রোল নম্বর কিংবা নামের মাঝে একটি দশমিক বা বিন্দু পড়ে গিয়েছিল। ফলে বাধ্য হয়েই সেগুলি বাতিল করতে হয় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে।

গতকাল অর্থাৎ 8 ফেব্রুয়ারির সন্ধ্যায় ওই ত্রুটিগুলি সংশোধন করার চেষ্টা করে সংসদ। এদিনই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের জানানো হয় যেসব পরীক্ষার্থী বা পড়ুয়ার অ্যাডমিট কার্ডে একটি বিন্দু পড়ে গিয়েছে অর্থাৎ মুদ্রণ ত্রুটি রয়েছে তারা যেন দ্রুত অনলাইনে সেই অ্যাডমিট ডাউনলোড করে রাখে। কারণ ওই অ্যাডমিটগুলি বাতিল করার প্রক্রিয়া শুরু করছে সংসদ।

অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপে বিরল ঘটনা, বল কীভাবে করতে হয় ভুলেই গেলেন বোলার!

প্রসঙ্গত, পরীক্ষার ঠিক আগে হঠাৎ অ্যাডমিট কার্ড বাতিল হয়ে যাওয়ায় ভয়ে ছিলেন বহু পড়ুয়া। অনেকেই পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পরিষ্কারভাবে জানানো হয়েছে, পড়ুয়াদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। যাদের অ্যাডমিট কার্ডে রোল নম্বরের মাঝে একটি বিন্দু পড়ে গিয়েছিল সেই সব কার্ড বাতিল হয়েছে। তাঁরা যেন সংশ্লিষ্ট বিদ্যালয় থেকে নতুন অ্যাডমিট তুলে নেয়।

Leave a Comment