বিক্রম ব্যানার্জী, কলকাতা: চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারত। আর তারপর থেকেই প্রশ্ন উঠছে বিশ্বকাপের আগে ভারতীয় দলের রণকৌশল নিয়ে। যদিও ম্যাচের পর অধিনায়ক সূর্যকুমার যাদব একেবারে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন, এদিন ভারতীয় দল ইচ্ছে করেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও গতকালের পরাজয়ের পর যে বিষয়টি বারবার প্রসঙ্গ হিসেবে উঠে আসছে তা হল শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রথম একাদশে না থাকা। প্রশ্ন উঠছে, ইশান কিষাণ এর বদলি হিসেবে কেন নামানো হলো না তাঁকে?
কেন ভারতীয় T20 দলের একাদশে জায়গা পাচ্ছেন না আইয়ার?
শেষবারের মতো অস্ট্রেলিয়ায় পাওয়া চোট সারিয়ে উঠে পুরোপুরি ফিট ভারতীয় তারকা শ্রেয়স আইয়ার। সেই মতোই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে জায়গা পেয়েছিলেন তিনি। তবে এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হতেই আচমকা চোট পেয়ে দল থেকে ছিটকে যান ওয়াশিংটন সুন্দর। এদিকে চোটের কারণে চলতি টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না তিলক বর্মাও। ফলে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তবে গোটা সিরিজের একটি ম্যাচেও আজ পর্যন্ত দেখা যায়নি তাঁকে।
গতকাল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে ইশানের অনুপস্থিতে সহজেই আইয়ারকে দলে রাখতে পারতো ম্যানেজমেন্ট। তবে তাঁকে না নামিয়ে নামানো হয়েছিল বোলার অর্শদীপ সিংকে। আর এর পর থেকেই প্রশ্ন উঠছে কেন টিম ইন্ডিয়ার একাদশে জায়গা পেলেন না আইয়ার? সে প্রসঙ্গে বলি, প্রথমত আইয়ার ভারতীয় টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য নন। তিনি যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই, তাই স্কোয়াডে থাকা প্লেয়ার আহত হওয়ার পরই তাঁর ম্যাচে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তাছাড়াও ভারতীয় টিম ম্যানেজমেন্ট গতকাল 5 জন বোলারকে দিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং অর্ডারে চাপ সৃষ্টি করতে চেয়েছিল। মূলত সে কারণেই টিম ইন্ডিয়ার একাদশে সুযোগ পাননি আইয়ার। পঞ্চম টি-টোয়েন্টিতেও তিনি যে সুযোগ পাচ্ছেন না তা বলাই যায়।
অবশ্যই পড়ুন: বদলে যাচ্ছে I League-র নাম, নতুন নামে আপত্তি ফুটবল প্রেমীদের!
প্রসঙ্গত, অনেকেই ধরে নিয়েছিলেন তিলক বর্মা, যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারেন তবে তাঁর বদলি হিসেবে, জায়গা দেওয়া হতে পারে শ্রেয়সকে। তবে সেই ভাবনা এবারের মতো পূরণ হচ্ছে না। কারণ, চোট সারিয়ে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিলক। একাধিক বিশ্বস্ত সূত্রের দাবি অনুযায়ী, নিউজিল্যান্ড সিরিজ হাত ফসাকালেও বিশ্বকাপে খেলবেন বর্মা। কাজেই, আইয়ার টিম ইন্ডিয়ার টি-টোয়েন্টি একাদশে জায়গা পাচ্ছেন না।