বিক্রম ব্যানার্জী, কলকাতা: এর আগে আমেরিকা, কানাডার মতো দেশে ভারতীয় দূতাবাসের উপর দেদার হামলা চালানো হয়েছে (Attack On Indian Embassy)। এবার সমগোত্রীয় ঘটনা ঘটলো পূর্ব ইউরোপের ক্রোয়েশিয়ায়। জানা যাচ্ছে, বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসের কড়া নিরাপত্তার চাদর ঠেলে দূতাবাসের অন্দরে ব্যাপক ভাঙচুর চালান কয়েকজন দুষ্কৃতী। ভেঙে ফেলা হয় ভারতীয় দূতাবাসের একাধিক জিনিস। যেই ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া জানাল নয়া দিল্লি।
ক্রোয়েশিয়ার ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় দিল্লির প্রতিক্রিয়া
ফার্স্ট পোস্টের রিপোর্ট অনুযায়ী, ক্রোয়েশিয়ার জাগ্রেবের ভারতীয় দূতাবাসের ভেতরে ঢুকে অবাধে ভাঙচুর চালায় কয়েকজন হামলাকারী। এবার সেই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধির জয়সওয়াল বললেন, “ভারতবিরোধী শক্তি ক্রোয়েশিয়ার জাগ্রেবে আমাদের দূতাবাসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। ভিয়েনা কনভেনশন বলে, কূটনৈতিক প্রাঙ্গণ অলঙ্ঘনীয়। কোনও দেশের দূতাবাসকে সুরক্ষিত রাখার দায়িত্ব সংশ্লিষ্ট রাষ্ট্রর।”
শীঘ্রই চিহ্নিত করা হবে দোষীদের
রিপোর্ট অনুযায়ী, ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই ক্রোয়েশিয়া সরকারের সাথে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। শোনা যাচ্ছে, নরেন্দ্র মোদির সরকার পূর্ব ইউরোপের দেশটির সরকারকে যত দ্রুত সম্ভব ভারতীয় দূতাবাসে হামলা চালানো ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
অবশ্যই পড়ুন: মহাকাল মহাতীর্থের পর কলকাতায় তৈরি হবে বইতীর্থ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
যদিও ভারতীয় বিদেশ মন্ত্রকের একটি সূত্র দাবি করছে, ভারত বিরোধী খালিস্তানিরা ক্রোয়েশিয়ায় ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে। ঠিক কারা এই ঘটনার সাথে যুক্ত তাঁদের খুঁজে বের করতে ইতোমধ্যেই নাকি ময়দানে নেমেছে দেশটির পুলিশ প্রশাসন। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, ভারত সরকারের তরফে প্রতিক্রিয়া পেতেই দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর থেকে কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে ক্রোয়েশিয়ার প্রশাসন।