সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটকে ঐতিহাসিক বলেই ব্যাখ্যা দিলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হ্যাঁ, সংসদে বাজেট পেশের পর জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভূয়সী প্রশংসা করলেন। প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, এই বাজেটের মূল লক্ষ্য একটাই। তা হল ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি তৈরি করা।
বাজেট নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেন, নির্মলাজির এই বাজেট সাধারণ মানুষের চাহিদার বাজেট। এই বাজেট ভারতের অর্থ ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে। এমনকি অর্থনীতিতে গতি আনবে। সংস্কারের গতি বাড়াবে, পাশাপাশি মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে স্পষ্ট দিশা দেখাবে। তাঁর মতে, আত্মনির্ভর ভারত প্রকল্প এই বাজেটের মাধ্যমে নতুন গতি পাবে। এমনকি বিকশিত ভারত গড়ার লক্ষ্য আরও মজবুত হবে।
প্রধানমন্ত্রী জানান, বাজেটে মহিলাদের আর্থিক ক্ষমতায়নের উপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার জন্য আধুনিক বাস্তুতন্ত্র গড়ে তোলা হবে। পর্যটন ক্ষেত্রেও বাজেট বড় ভূমিকা নেবেন বলেই দাবি করেন প্রধানমন্ত্রী। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের পর্যটন বৃদ্ধি এই বাজেটের মূল লক্ষ্য বলে জানিয়েছেন মোদী।
ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি নিয়ে আশাবাদী কেন্দ্র
উল্লেখ্য, সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে। আর সেই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এই চুক্তির ফলে দেশের যুব সম্প্রদায় এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা উপকৃত হবে।
আরও পড়ুন: ‘চুরি-ছ্যাঁচড়ামি করছে MLA!’ দলীয় বিধায়ককে চোর আখ্যা দিয়ে মিছিল তৃণমূলের
তবে হ্যাঁ, কেন্দ্রের আশাবাদী বার্তার মধ্যে বাজেট পেশের পর শেয়ারবাজারে দেখা গিয়েছে বিরাট পতন। অর্থমন্ত্রীর বক্তৃতা শেষ হতেই সেনসেক্স প্রায় ১৬০০ পয়েন্ট পড়ে যায়। এমনকি নেফটি কমে যায় প্রায় ৪৮১ পয়েন্ট। আর বিশেষজ্ঞদের মতে, এসটিটি বৃদ্ধির আশঙ্কা এবং মূলধনী মুনাফার উপর কর আরোপের ঘটনার লগ্নিনকারীদেরকে উদ্বিগ্ন করে তুলছে। তবে পরে অবশ্য সেনসেক্স প্রায় ৭০০ পয়েন্ট ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু প্রাথমিক ধাক্কা স্পষ্ট ছিল বলেই জানা যাচ্ছে।