সহেলি মিত্র, কলকাতা: আপনার আজও কি ঠান্ডা লাগছে? তাহলে জানিয়ে রাখি, আপাতত বাংলায় এরকম তাপমাত্রা ওঠানামা অব্যাহত থাকবে। শীত যে বাংলা থেকে একেবারে উবে গিয়েছে সেটা এখন না বলাই ভালো। অন্যান্য দিনের মতো আজ শনিবার ভোরে এবং সকালের দিকে ভালই ঠান্ডা অনুভব হয়েছে। তবে বেলা বাড়তেই রোদের দাপটে গরম লাগতে পারে। তখন গায়ে রাখা যাবে না শীত কাপড় বলেই মনে করা হচ্ছে। তবে সন্ধের পর থেকে আবার কমবে তাপমাত্রা। সবথেকে বড় কথা, আজ শনিবার আবার কিছু জায়গায় বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এমনকি পাহাড়ি জায়গায় ভারী তুষারপাতের সম্ভাবনাও রয়েছে আজ সপ্তাহান্তে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) সম্পর্কে। আজ সকাল থেকেই কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এদিকে শীতের দাপট থাকতে পারে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদীয়া জেলায় বলে খবর।
মধ্য পাকিস্তানের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশনের থেকে। এই নিম্নচাপের সঙ্গে একটি অক্ষরেখা যুক্ত হয়েছে উত্তর-পূর্ব আরব সাগর পর্যন্ত। অন্যদিকে, উত্তর-পূর্ব অসমে রয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। উত্তর পূর্ব আরব সাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপেও রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এগুলির প্রভাবে আপাতত বাংলায় পারদ ওঠানামা করার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ শনিবার উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কম থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আজ ও আগামীকাল অর্থাৎ ২৫শে জানুয়ারি ২০২৬ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে ও সিকিমের বিভিন্ন অঞ্চলে তুষারপাত, বৃষ্টি, শিলাবৃষ্টি ও তুষার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিকিমের বিভিন্ন অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।