প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারির শুরুতে হাড় কাঁপানো শীতে জমে গিয়েছিল রাজ্যবাসী। আর এই আবহে মধ্য মাঘেই উধাও সেই শীত। সকালবেলায় অল্পবিস্তর ঠান্ডা থাকলেও, বেলা বাড়তেই চড়ছে তাপমাত্রার পারদ (Weather Tomorrow)। কলকাতায় ১৭ ডিগ্রিতে পৌঁছে গেল তাপমাত্রা। তার সঙ্গে বাড়ছে কুয়াশার দাপট। তাই বলা যাচ্ছে জানুয়ারিতেই এবার খেলা শেষ হতে চলেছে শীতের।
হাওয়া অফিস জানিয়েছে, পর পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে দমে যাচ্ছে শীত। উত্তর-পশ্চিম ভারতের জম্মু-কাশ্মীর ও সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে আজ, শুক্রবার। যার ফলে আগামী এক সপ্তাহ তাপমাত্রার বিশেষ একটা পরিবর্তন হবে না। এদিকে বাংলায় বাড়ছে তাপমাত্রার পারদ। পূর্বাভাস অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দ্বিতীয়ার্ধ থেকেই রাতে এবং ভোরেও শীতের সামান্য অনুভূতি গায়েব হবে। এবং মার্চ থেকেই তীব্র গরম পড়বে। একনজরে জেনে নিন কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের দাপট একদমই কম থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের হালকা অনুভূতি হলেও বেলা বাড়লেই রোদের দাপট দেখা যাবে। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৮ এর মধ্যে বজায় থাকবে তবে সর্বনিম্ন তাপমাত্রা ১৭ থেকে ১৮-র মধ্যে থাকবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯২ শতাংশ থাকবে। আগামী কয়েক দিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে এসবের মাঝেই কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায়।
আরও পড়ুন: পদ্মশ্রী নিয়ে প্রসেনজিৎকে অপমান! এবার ক্ষমা চাইতে বাড়িতে গেলেন দেব
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে হালকা গরমের রেশ এসে গেলেও উত্তরবঙ্গে এখনও শীতের দাপট বজায় থাকবে। আগামী পাঁচদিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় ৪-৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আংশিক হাওয়া বদল হতে পারে। যার ফলে দার্জিলিংয়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। দু-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। এছাড়াও আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।