সৌভিক মুখার্জী, কলকাতা: সদ্য প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিন সংক্রান্ত নথিকে ঘিরে এবার নতুন করে বিতর্ক শুরু হল। জানা যাচ্ছে, ওই নথির একটি অংশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) নাম উল্লেখ করা হয়েছে, যা নিয়ে গোটা দেশে শুরু হয়েছে জল্পনা। তবে এ নিয়ে এবার স্পষ্ট অবস্থান নিয়েছে ভারত সরকার।
বিদেশ মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এপস্টিন সংক্রান্ত যে নথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উঠে এসেছে, তা সম্পূর্ণভাবে তাঁর ২০১৭ সালের ইজরায়েল সফরের প্রসঙ্গে উল্লেখিত। এর কোনও ভিত্তি নেই। এমনকি এর বাইরে কোনও ধরনের ব্যক্তিগত বা অনৈতিক ইঙ্গিতের প্রশ্ন ওঠে না।
বড়সড় মন্তব্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের
রিপোর্ট অনুযায়ী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের উদ্দেশ্যে এদিন বলেছেন, প্রধানমন্ত্রীর নাম শুধুমাত্র একটি সরকারি বিদেশ সফরের প্রেক্ষিতেই এসেছে। এর বাইরে যা কিছু বলা হচ্ছে তা দণ্ডনীয় অপরাধ। এমনকি তা এক অপরাধীর কল্পনাপ্রসূত এবং জঘন্য গুজব ছাড়া কিছু নয়। এই দাবির কোনও রকম ভিত্তি নেই। এমনকি তিনি আরও জানিয়েছেন, কিছু রাজনৈতিক মহল ইচ্ছাকৃতভাবেই এই তথ্য বিকৃত করে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। অযথা গুজবে বিশ্বাস করবেন না।
আরও পড়ুন: সোনার দামে বিরাট ধস, রুপোও কমল ৫০,০০০ টাকা! আজকের রেট
উল্লেখ করার বিষয়, এপস্টিন ফাইলস প্রকাশের পর গোটা বিশ্বজুড়ে বহু প্রভাবশালী ব্যক্তির নাম নিয়ে শুরু হয় আলোচনা। কিন্তু বিশেষজ্ঞদের মতে, কোনও আন্তর্জাতিক নথিতে নাম উল্লেখ থাকলেই যে সবসময়ই অভিযোগ প্রমাণিত এমনটা নয়। ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিপক্ষে সেরকম কোনও অভিযোগ নেই। ভারত সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই বিষয়ে কোনও অনিয়ম, অপরাধ বা তদন্তের প্রশ্ন নেই। কেন্দ্র সরকার এই ধরনের অপপ্রচার প্রত্যাখ্যান করেছে এবং সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়েছে। সরকারি সূত্র অনুযায়ী জানানো হয়েছে, তথ্য যাচাই না করে এই ধরনের দাবি ছড়ানো সমাজে বিভ্রান্তি এবং অস্থিরতা সৃষ্টি করতে পারে।