সহেলি মিত্র, কলকাতাঃ নতুন মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বদলে গেল রেলের কিছু নিয়ম (Railway Rules)। ১ এপ্রিল থেকে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ। সেইসঙ্গে বহু নিয়মে বদল ঘটেছে। তেমনই নিয়ম বদলে রেলের (Indian Railways) নিয়মেও। যার সরাসরি প্রভাব এবার সাধারণ যাত্রীদের ওপর পড়বে। আসলে মাসের প্রথম দিন থেকেই ভারতীয় রেল টিকিট বাতিলের নিয়ম আরও কঠোর করেছে। এখন থেকে যাত্রীরা ট্রেন ছাড়ার ৮ ঘণ্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত পাবেন না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
১ এপ্রিল থেকে বদলে গেল রেলের বড় নিয়ম
এই সময়সীমা আগে চার ঘণ্টা ছিল, কিন্তু এখন তা বাড়িয়ে আট ঘণ্টা করা হয়েছে। তবে, ২৪ ঘণ্টা থেকে আট ঘণ্টার মধ্যে বাতিল করলে এখনও কেবল ৫০% অর্থ ফেরত দেওয়া হবে। এছাড়াও, যাত্রীরা এখন ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে পর্যন্ত নিজেদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারবেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মঙ্গলবার বলেছেন যে এজেন্ট ও দালালদের টিকিট মজুত করা রোধ করতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন নিয়মগুলি ২০২৬ সালের ১ থেকে ১৫ এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
বিশেষ বার্তা রেলমন্ত্রীর
নতুন নিয়ম প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, দালালদের কার্যকলাপের কারণেই এই পরিবর্তন আনা হয়েছে। তারা প্রায়শই অতিরিক্ত টিকিট বুক করত এবং খদ্দের না পেলে ট্রেন ছাড়ার ঠিক আগে সেগুলো বাতিল করে টাকা ফেরত নিত। তবে আর সেসব জারিজুরি শেষ হবে। কারণ টিকিট ফেরতের নিয়মকানুন কঠোর হওয়ার ফলে এবার থেকে দালালদের এই আগে থেকে টিকিট বুক করে রাখার প্রবণতা কমবে এবং সাধারণ যাত্রীদের কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে।
আরও পড়ুনঃ হাত বাড়ালেই কাঞ্চনজঙ্ঘা! গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরঙ্গের এই ৩ ‘স্বর্গ’ থেকে
রেল মন্ত্রক বোর্ডিং স্টেশন পরিবর্তনের সময়সীমা বাড়িয়েছে। যাত্রীরা এখন ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পর্যন্ত নিজেদের বোর্ডিং পয়েন্ট পরিবর্তন করতে পারবেন। আগে এই সুবিধাটি শুধুমাত্র চার্ট তৈরি হওয়া পর্যন্তই পাওয়া যেত। এই নিয়মটি বড় শহরগুলিতে খুব সহায়ক হবে যেখানে একাধিক রেল স্টেশন রয়েছে; যাত্রীরা তাদের সুবিধা অনুযায়ী যেকোনো নিকটবর্তী স্টেশন থেকে ট্রেন ধরতে পারবেন। সেইসঙ্গে যাত্রীরা আইআরসিটিসি ওয়েবসাইট, অ্যাপ বা রেলওয়ে কাউন্টারের মাধ্যমে তাদের বোর্ডিং স্টেশন পরিবর্তন করতে পারেন।