প্রীতি পোদ্দার, কলকাতা: মৃত এবং ভুয়ো ভোটার তাড়াতে SIR প্রক্রিয়া চালু করেছিল নির্বাচন কমিশন (Election Commission Of India)। যা নিয়ে বাংলায় রীতিমত চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও এখনো অজস্র নাম বিবেচনা দিন তালিকায় আটকে রয়েছে। শুধু তাই নয় ডিলিটেড নামের তালিকাতেও রয়েছে অসংখ্য ভোটারের নাম। আর এবার ভোটার তালিকার পাশাপাশি মৃত ভোটারদের আধার কার্ড (Aadhaar Card) নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করতে চলেছে UIDAI। ইতিমধ্যেই তথ্য চেয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে আধার নিয়ন্ত্রক সংস্থা।
আধার কার্ড নিষ্ক্রিয় করতে তৎপর UIDAI
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে আধার কর্তৃপক্ষ UIDAI নির্বাচন কমিশনকে চিঠি লিখে SIR তালিকার প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে শনাক্ত মৃত ভোটারদের তথ্য ‘অ্যাক্সেস’ করার জন্য অনুরোধ করেছিল। এর মূল লক্ষ্য, আধার ডেটাবেস আপডেট করা। কারণ UIDAI নির্দিষ্ট সময় অন্তর মৃত ব্যক্তিদের আধার নিষ্ক্রিয় করে থাকে। তাই সেক্ষেত্রে যদি দেখা যায়, কোনও মৃত ভোটারের নামে আধার কার্ড এখনও সক্রিয়, সঙ্গে সঙ্গে তখন তার আধার কার্ড নিষ্ক্রিয় করা হবে। কিন্তু কমিশন এখনও এই প্রস্তাবে রাজি হয়নি বলেই রিপোর্টে জানা যাচ্ছে।
SIR বিতর্কের মাঝে আধার বিতর্ক
সদ্য বাংলা-সহ ১২ রাজ্যে SIR করছে কমিশন। এর মধ্যে অধিকাংশ রাজ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। সব রাজ্যেই লাখে লাখে মৃত ভোটারের খোঁজ মিলেছে। এখনও বাংলায় SIR নিয়ে নানা তর্ক বিতর্ক হয়েই চলেছে। বিচারাধীন ভোটারদের নিয়ে এখনও প্রকাশিত হচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা। যদিও সেই নিয়েও কম চর্চা হচ্ছে না। এই অবস্থায় মৃত ব্যক্তির আধার কার্ড নিষ্ক্রিয় করার জন্য উঠে পড়ে লেগেছে UIDAI। কিন্তু সংস্থার এক আধিকারিক জানিয়েছেন যে, SIR-তথ্য একমাত্র কমিশনের অধিকারভুক্ত। তিনি আরও জানান, নির্বাচন কমিশন একটি স্বাধীন ও স্বশাসিত সাংবিধানিক সংস্থা এবং তাদের তথ্যের গোপনীয়তা রক্ষা করতে হয়।
প্রতারণার জাল ছড়াচ্ছে জাল আধার
বর্তমানে প্রতারণার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে জাল এবং মৃত ব্যক্তির আধার কার্ড। আধারকে নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে গণ্য না করা গেলেও প্রায় সমস্ত সরকারি পরিষেবাই আধারের মাধ্যমে পাওয়া যায়। আবার আধার ব্যবহার করে অন্যান্য সরকারি নথি তৈরির কাজটাও কঠিন নয়। সেক্ষেত্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের অপব্যবহার হয়েই চলেছে। তাই মৃতদের আধার নিষ্ক্রিয় করতে চাইছে সংস্থা। কিন্তু কমিশনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন: জলপাইগুড়িতে ট্রেন থেকে জাল নথি সহ ১৪ বাংলাদেশিকে গ্রেফতার করল RPF
প্রসঙ্গত, ২০১১ থেকে ২০২৫ পর্যন্ত এই ১৪ বছরে UIDAI সম্মিলিতভাবে অসংখ্য আধার কার্ড বাতিল হয়েছে, তবে গত ৬ মাসে দ্বিগুণ আধার বাতিল হয়েছে। এক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, UIDAI শেষ ৬ মাসে বাতিল করেছে আড়াই কোটি মানুষের আধার। সব আধার কার্ডই ছিল মৃত ব্যক্তিদের। তবে এখনো সম্পূর্ণ হয়নি সেই কাজ। কারণ UIDAI মনে করছে এখনও অসংখ্য মৃত আধার কার্ড লুকিয়ে রয়েছে।