এল নিনোর প্রভাবে চড়া গরমের আশঙ্কা, ভাঙতে পারে তাপমাত্রার সর্বকালীন রেকর্ড

El Nino Effect

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরে শেষ থেকে গোটা ডিসেম্বরে বঙ্গে এমন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছিল যে লেপ কম্বল থেকে বেরিয়ে আসা বেশ চাপের হয়ে গিয়েছিল সকলের। প্রায় ১৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল এই ঠান্ডা। কিন্তু নতুন মাস পড়তে না পড়তেই এক লহমায় গায়েব হয়ে গেল শীত। ক্যালেন্ডারের তোয়াক্কা না–করেই মধ্য মাঘেই হালকা গরমের অস্বস্তি দেখা গেল কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আশঙ্কা করা হচ্ছে চলতি বছর নাকি এল নিনোর প্রভাবে (El Nino Effect) শীতের মতোই গরম অতীতের উষ্ণতার রেকর্ড ভাঙতে চলেছে।

এল নিনোর প্রভাবে পড়বে তীব্র গরম

এখনও শেষ হয়নি জানুয়ারি, কিন্তু তার আগেই কলকাতার রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় দেড় ডিগ্রি বেড়ে গিয়েছে। শুধু তাই নয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনই ছুঁয়েছে ২৭-এর ঘর। আগামী দিনে আরো বাড়বে গরম। আর এর অন্যতম প্রধান কারণ হল এল নিনো। আবহবিদরা আগে থেকেই শুনিয়ে রেখেছেন যে প্রশান্ত মহাসাগরের উত্তপ্ত জলতল এল নিনোর সৌজন্যে এ বছর ভারতীয় উপমহাদেশ রীতিমতো চড়া গরম পড়তে চলেছে। শুধু তাই নয় বৃষ্টির পরিমাণও খুব কম থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও অক্সফোর্ড ইউনিভার্সিটির নতুন গবেষণাতেও দাবি করা হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবেই আরও ভয়ঙ্কর গরম পড়তে চলেছে।

এক্সট্রিম হিটের সম্মুখীন হবে ২০৫০ সাল

২০১০ সাল থেকে বিশ্বের ২৩ শতাংশ জনসংখ্যা এই চরম গরম সহ্য করছে। এবার আগামী কয়েক বছরেই নাকি সেই সংখ্যা ৪১ শতাংশে পৌঁছবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় বলা হয়েছে, যদি বৈশ্বিক তাপমাত্রা গড়ে দুই ডিগ্রি বৃদ্ধি পায়, তাহলে ৩.৭ বিলিয়ন অর্থাৎ ৩৭০ কোটি মানুষ চরম গরম বা ‘এক্সট্রিম হিট’-র সম্মুখীন হবে ২০৫০ সালের মধ্যে। তাঁদের মতে, যতক্ষণ পর্যন্ত তাপমাত্রা ওই মাইলস্টোনে না পৌঁছচ্ছে, ততক্ষণ পর্যন্ত এর প্রভাব বোঝা যাবে না। জানা গিয়েছে তাপমাত্রা ব্যাপক হারে বাড়বে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, নাইজেরিয়া, দক্ষিণ সুদান, লাওস ও ব্রাজিলের মতো দেশে। এমনকি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপিন্সের মতো দেশের নাগরিকরাও তীব্র গরমে কষ্ট পেতে চলেছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: মিলল বড়সড় গরমিল, চূড়ান্ত ভোটার তালিকায় অসংখ্য নাম বাদ যাবে এই দুই জেলায়

প্রসঙ্গত, বিশ্ব উষ্ণায়ন এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তাপমাত্রা যেমন ভয়াবহ বাড়বে ঠিক তেমনই অতি উচ্চ জলসঙ্কটের মুখে পড়বে বিশ্বের একাধিক শহর, যার মধ্যে নয়া দিল্লি অন্যতম। অ্যাকোয়াডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাস–এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের যে ৩৮টি শহর অতি উচ্চ জলসঙ্কটের মুখে দাঁড়িয়ে রয়েছে। এবং দেশের ২৮টি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলা–সহ ১৭টি রাজ্যই জলসঙ্কটের নিরিখে ‘হাই রিস্ক জোন’–এ রয়েছে বলেও জানা গিয়েছে।

Leave a Comment