কনস্টেবল নিয়োগে দুর্নীতি, বোর্ডকে নম্বর-সহ তালিকা প্রকাশের রায় হাইকোর্টের

Calcutta High Court

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল নিয়োগের আইনি জটিলতা কিছুতেই যেন কমছে না। এই নিয়ে ফের সামনে এল বিতর্ক। হ্যাঁ, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর সহ সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল রাজ্যের শীর্ষ আদালত (Calcutta High Court)। তবে এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করেছে রাজ্য পুলিশের নিয়োগ বোর্ড। এ নিয়ে আজ শুনানি হওয়ার কথা। জানা গিয়েছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চেই হবে শুনানি।

হাইকোর্টের বড়সড় নির্দেশ

আসলে বুধবার পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য লিখিত পরীক্ষার নম্বর সহ বিস্তারিত তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছিল। ২০২৪ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগের লিখিত পরীক্ষা হয়েছিল ২০২৫ সালে, আর ফল প্রকাশিত হয় ১৯ ডিসেম্বর, ২০২৫। তবে সেখানে দেখা যায়, নম্বরহীন তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকাকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। মামলাকারীদের আবেদনের ভিত্তিতেও হাইকোর্ট বড়সড় নির্দেশ দেয়।

আদালতে প্রার্থীদের বক্তব্য ছিল, প্রাপ্ত নম্বর প্রকাশ না হলে গোটা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা যায়। কে কত নম্বর পেয়েছে, এমনকি কীসের ভিত্তিতে নির্বাচিত হয়েছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একক বেঞ্চ নির্দেশ দিয়েছিল, ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই লিখিত পরীক্ষার সম্পূর্ণ নম্বর সহ তালিকা প্রকাশ করতে হবে পুলিশ নিয়োগ বোর্ডকে। আদালতের দাবি, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার জন্য অবশ্যই এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। নাহলে প্রার্থীরা সমস্ত যোগ্যতা পূরণ করা সত্ত্বেও তাদের নাম বাদ পড়তে পারে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকের খাতা হাতে ধরে দেখবেন না শিক্ষকরা, হবে ডিজিটাল মূল্যায়ন! বড় সিদ্ধান্ত বোর্ডের

তবে রাজ্য পুলিশের নিয়োগ বোর্ডের তরফ থেকে এ নিয়ে বিরোধিতা করা হয় এবং সরকার যুক্তি দেয়, লিখিত পরীক্ষার নম্বর প্রকাশ আইনগত বাধ্যতামূলক নয়। সেই কারণেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় বোর্ড। তাই আপাতত নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে অনিশ্চয়তা আরও যে বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না। তবে বিশেষজ্ঞদের মতে, নম্বরসহ তালিকা প্রকাশিত হলে প্রার্থীদের মধ্যে সংশয় দূর হবে, আর নিয়োগ প্রক্রিয়ারা স্বচ্ছতা বজায় থাকবে।

Leave a Comment