সহেলি মিত্র, কলকাতা: বিদেশ ভ্রমণ এখন আরো সহজ। কলকাতা থেকে বাসে চেপে সরাসরি পৌঁছে যেতে পারেন ভুটান (Kolkata-Bhutan Bus)। গাড়ি বদলানোর কোনও ঝক্কি নেই, এক বাসে ভারত থেকে ভুটান। ভাড়াও নাগালের মধ্যে। ভৌগোলিক অবস্থানের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্র, উত্তরে পাহাড়। পাহাড় বললেই আবার আমাদের মনের কোণে উঁকি মারে কাঞ্চনজঙ্ঘা দার্জিলিং। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং তো বহু গেছেন, এবার না হয় আরও একটু দূরে কোথাও, আরো একটু উত্তরে।
এবার কলকাতা থেকে বাসে করে ঘুরে আসুন ভুটান
বিদেশ ভ্রমণের স্বাদ, স্বপ্ন পূরণের যাত্রা। নতুন ল্যান্ডস্কেপ, নতুন শহরের মাঝে নিজেকে নতুন করে চেনা, জানা, বাড়ি ফেরার পথে ফোটো গ্যালারিতে রাখার মতো এক গুচ্ছ ছবি। বিদেশ ভ্রমণ মানেই মোটা টাকার ধাক্কা, ভুল প্রমাণিত করবে ধর্মতলা-ভুটান বাস যাত্রা। কলকাতা থেকে ভুটান যাওয়ার এই বাস পরিষেবা অবশ্য নতুন নয়। দীর্ঘ কয়েক বছর ধরে চালু রয়েছে এই বাস পরিষেবা। অনেকেই জানেন, আবার অনেকে হয়তো এবার জানবেন। ধর্মতলার যেখান থেকে উত্তরবঙ্গগামী সরকারী বাস ছাড়ে, মানে সকলের পরিচিত NBSTC বাস স্ট্যান্ড, সেখান থেকেই পেয়ে যাবেন এই বাস।
বাসের রুট ও ভাড়া
বাসের টিকিট আগেভাগে বুক করে নেওয়া ভালো, কারণ টিকিটের চাহিদা সময় বিশেষে বেশি থাকে। তখন দেরি করলে টিকিট হয়তো না-ও পাওয়া যেতে পারে। তাই আগে থেকে টিকিট কিনে রাখাই হবে বুদ্ধিমানের কাজ। ধর্মতলার কাউন্টার থেকে টিকিট পেয়ে যাবেন। ভাড়া খুব বেশি নয়, মোটামুটি সাধ্যের মধ্যে বলা চলে। আগে শুধু নন-এসি বাস চলত, এখন এসি, নন-এসি দুটোই রয়েছে। একদিন তফাতে এসি ও নন-এসি পর্যায়ক্রমিকভাবে পরিষেবা দিয়ে থাকে। এসপ্ল্যানেড থেকে জয়গাঁও-ফুয়েনশোলিং সীমান্তে পৌঁছানোর জন্য বাসটি অতিক্রম করে ৭০০-৭৫০ কিলোমিটার পথ।
কলকাতা-ভুটান বাসের ভাড়া ও রুট
রিপোর্ট অনুযায়ী, জাতীয় সড়ক ১২ (NH12) এবং জাতীয় সড়ক ২৭ (NH27) ধরে কৃষ্ণনগর, বহরমপুর এবং মালদা হয়ে পৌঁছায় শিলিগুড়ি, সেখান থেকে ফুয়েনশোলিং। শিলিগুড়ি থেকে ফুয়েনশোলিং-এর মাঝে ১৫০-১৭০ কিলোমিটার, সময় লাগে প্রায় ৫-৬ ঘণ্টা। কলকাতা থেকে ভুটান যাওয়ার বাসের ভাড়া বাসের ধরণের ওপর নির্ভর করে। নন-এসি বাস হলে ভাড়া কম, এসি বাসের ভাড়া বেশি। মোটামুটি, ১০০০-২০০০ টাকা পকেটে রেখে টিকিট কাউন্টার যাওয়া ভালো। তাহলে এসি হোক বা নন-এসি, তক্ষুণি টিকিট কেটে নিতে পারবেন।
আরও পড়ুনঃ কম খরচে বিদেশ ভ্রমণ, কলকাতা থেকে ভুটান অবধি চলে বাস, জানুন রুট ও ভাড়া
বাসের টিকিট, বিশেষ করে দুর্গাপুজো বা ভ্রমণের মরশুমের মতো ব্যস্ত সময়ে, আসন নিশ্চিত করার জন্য ১২০ দিন আগে থেকে বুক করার চেষ্টা করুন। কলকাতা থেকে শিলিগুড়ি বুকিংয়ের জন্য redBus বা MakeMyTrip-এর মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা যেতে পারে।