প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা মাস। কিন্তু তার আগে বঙ্গ রাজনীতিতে যেন সরগরম ভোটের হাওয়া। জনসংযোগ বৃদ্ধি করতে যতই উঠে পড়ে লেগেছে শাসকদল ততোই যেন একের পদ এক দুর্নীতি মাথা চারা দিয়ে উঠছে। এমতাবস্থায়, কয়লা পাচারকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডেকে পাঠাল হাওড়ার নতুন কমিশনার আইপিএস আকাশ মাগারিয়াকে (IPS Officer Akash Magharia)।
হাওড়া সিপিকে তলব ED-র
রিপোর্ট মোতাবেক, কয়লা পাচার মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তলব করল হাওড়ার নতুন কমিশনার আইপিএস আকাশ মাগারিয়াকে। আজ অর্থাৎ সোমবার দিল্লির ইডি দফতরে কয়লাপাচার নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অফিসারকে। রিপাবলিক বাংলার রিপোর্ট অনুযায়ী, আকাশ মাঘারিয়া যখন পুরুলিয়ার পুলিশ সুপার ছিলেন তখন নাকি কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্ত লালাকে নানা ভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছে। সেক্ষেত্রে তাই কয়লা পাচার নিয়ে তাঁর ভূমিকা কী ছিল তা জানতেই আকাশকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। ইতিমধ্যেই একাধিক কয়লা ব্যবসায়ীকে জেরা করা হয়েছে। সেই জেরার ভিত্তিতেই উঠে এসেছে একাধিক তথ্য।
আগেও তলবের অভিযোগ
কয়লা পাচার মামলায় তদন্তকারীদের মূল লক্ষ্য পাচার হওয়া কয়লার অর্থ কোথায় কোথায় বিনিয়োগ বা স্থানান্তরিত হয়েছে, সেই অর্থের চূড়ান্ত গন্তব্য চিহ্নিত করা। পাশাপাশি, এই আর্থিক চক্রের সঙ্গে কোনও প্রভাবশালী ব্যক্তি বা সংগঠনের যোগ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা। এর আগেও কয়লা পাচার মামলায় আকাশ মাগারিয়াকে তলব করেছিল ইডি। তিনি ছাড়াও আরও ৭ জনকে তলব করা হয়েছিল। তাঁদের মধ্যে ছিলেন, জ্ঞানবন্ত সিং, সুকেশ জৈন, রাজীব মিশ্র, শ্যাম সিংহ, সেলভা মুরুগান, ভাস্কর মুখোপাধ্যায় ও কোটেশ্বর রাও।
আরও পড়ুন: বিদায় বেলায় শেষ কামড় শীতের, দক্ষিণবঙ্গের ৬ জেলায় নামবে পারদ! আজকের আবহাওয়া
প্রসঙ্গত, গত শুক্রবার নবান্নের সিপি বদলের বিজ্ঞপ্তি অনুযায়ী সম্প্রতি হাওড়ার নতুন কমিশনার হয়েছেন আইপিএস আকাশ মাগারিয়া। তিনি এতদিন ডিআইজি, প্রেসিডেন্সি পদে কর্মরত ছিলেন। অন্যদিকে এর আগে হাওড়া পুলিশের কমিশনার পদে ছিলেন প্রবীণ ত্রিপাঠী। তাঁকে বর্তমানে এই পদ থেকে সরিয়ে পাঠানো হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সিপি হিসেবে। এবার দেখার পালা নির্বাচনে আবহে এই দুর্নীতি মামলায় আর কী কী বিস্ফোরক তথ্য প্রকাশ্যে উঠে আসে।