সহেলি মিত্র, কলকাতাঃ ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছে বাংলায় (Bengal DA Issue)। একদিকে পশ্চিমবঙ্গ সরকার বলছে ডিএ বাধ্যতামূলক নয়, অপরদিকে বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর একটাই বক্তব্য, বকেয়া ডিএ সর্বোপরি কেন্দ্রীয় হারে দিতে হবে। সামনেই রয়েছে রাজ্য বাজেট। তবে তার আগে কড়া বার্তা থাকা চিঠি পেল পশ্চিমবঙ্গ সরকার। এই চিঠিতে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান থেকে সপ্তম বেতন কমিশন সহ একগুচ্ছ দাবি জানানো হয়েছে।
ডিএ, সপ্তম বেতন পে কমিশনের দাবিতে রাজ্যকে চিঠি
জানা গিয়েছে, অন্তর্বর্তীকালীন বাজেটের আগে একগুচ্ছ দাবি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হবে। এবার অবশ্য পূর্ণাঙ্গ বাজেট নয়। বিধানসভা নির্বাচনের আগে ভোট-অন-অ্যাকাউন্ট পেশ করা হবে। আর সেই অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্য সরকার কর্মচারীদের উদ্দেশ্যে কিছু ঘোষণা করতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ মাঘে আবারও ফিরছে শীত! দক্ষিণবঙ্গে ৪ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছেন, ‘রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো, শিক্ষা ব্যবস্থা ও জনপরিসেবা সচল রাখতে রাজ্য সরকারি কর্মচারী ও বিভিন্ন স্তরের কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন। অথচ অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তাঁরা আর্থিক বঞ্চনা, অনিশ্চিত ভবিষ্যৎ ও সামাজিক সুরক্ষার অভাবে ভুগছেন। এই প্রেক্ষাপটে আসন্ন রাজ্য বাজেটে কয়েকটি দাবি বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আবেদন জানানো হচ্ছে।’
চিঠিতে কী কী দাবি জানানো হয়েছে?
১) শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে দাবি করা হয়েছে যে অবিলম্বে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষকদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার বিষয়ে স্পষ্টভাবে ঘোষণা করতে হবে।
২) বর্তমান মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং আর্থ-সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা করতে হবে, দাবি তোলা হয়েছে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে।
আরও পড়ুনঃ বেতনে হতে পারে ঐতিহাসিক বৃদ্ধি, কেন্দ্রীয় কর্মী ও পেনশনভোগীদের জন্য বাম্পার খবর
৩) প্যারা টিচার-সহ রাজ্যের সমস্ত দফতর কর্মরত চুক্তিভিত্তিক, অস্থায়ী কর্মীদের জন্য সম্মানজনক ও ন্যায্য বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। সেইসঙ্গে তাঁদের নিয়মিতকরণ এবং সময়মতো বেতন প্রদানের নিশ্চয়তা প্রদানের দাবি তোলা হয়েছে।
৪) বিদ্যালয় ও মাদ্রাসা স্তরে কর্মরত এবং অবসরপ্রাপ্ত সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম (WBHS) চালু করার ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে, যাতে তাঁদের স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা পরিষেবা নিশ্চিত হয়।
৫) শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে দাবি তোলা হয়েছে যে সমস্ত শূন্যপদে দুর্নীতি মুক্ত নিয়োগ করতে হবে। কর্মসংস্থান বৃদ্ধির জন্য যথাযথ উদ্যোগ গ্রহণেরও দাবি তোলা হয়েছে।
DA বাড়তে পারে?
সরকার ডিএ নিয়ে মেগা ঘোষণা করতে পারে বলে মনে করছে বিশিষ্ট মহল। আসলে গত কয়েক বছরে রাজ্য বাজেটে সরকার এই ডিএ নিয়ে ঘোষণা করেছে। ২০২৪ সালের রাজ্য বাজেটে চার শতাংশ এবং ২০২৫ সালের বাজেটে চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। আবার ২০২৩ সালের বাজেটে তিন শতাংশ ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। যে কারণে আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হতে চলা রাজ্য বাজেটেও সরকার এই নিয়ে ঘোষণা করতে পারে বলে মনে হচ্ছে। তবে বাজেটে কতটা DA বাড়াতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তা নিয়ে কোনও আভাস মেলেনি।