সহেলি মিত্র, কলকাতা: কর্পূরের মতো যেন উবে গেল শীত। বিশেষ করে কলকাতা শহরে তাপমাত্রা এক লাফে যেন অনেকটা বেড়ে গিয়েছে বলে মনে হচ্ছে। বেলা বাড়তে গায়ে জ্যাকেট, সোয়েটার রাখা যাচ্ছে না। যদিও পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার দাপট অব্যাহত রয়েছে। সকালের দিকে হালকা ঠান্ডা আমেজ থাকলেও বেলা বাড়তে না বাড়তেই ব্যাপক গরম অনুভূতি হচ্ছে। বাংলায় শীত কি তবে একেবারে শীতঘুমে চলে গেল? আর কি ঠান্ডা ফিরে আসবে না? আজ বুধবারই বা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে? বাড়ি থেকে বেরোনোর আগে সবটা জেনে নিন ঝটপট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather Today) প্রসঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। আজ বুধবারও যার ব্যতিক্রম ঘটেনি। বীরভূম থেকে শুরু করে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় ঠান্ডা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ থেকে আগামী কয়েক দিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও শীতের দাপট আরো খানিকটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিকে কিছু কিছু জেলায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও শীতের ভালো শিরশিরানী বোঝা যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার তাপমাত্রা আগামী দিনে বেশ খানিকটা বৃদ্ধি পাবে বলে খবর। ২ থেকে ৩ ডিগ্রি অবধি চড়তে পারে তাপমাত্রা।
হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, একাধিক পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের আশপাশে। পাশাপাশি পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতেও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। এখানেই শেষ নয়, বুধবার আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হতে চলেছে। এছাড়া কোমোরিন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। পাশাপাশি অসম, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের উপরও একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই উত্তুরে হাওয়া ঢোকার পথ আটকে গিয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। উত্তরবঙ্গে, রাতের তাপমাত্রা সপ্তাহ জুড়ে কোনও বড় পরিবর্তন ছাড়াই স্থিতিশীল থাকবে বলে ধারণা করা হচ্ছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও মালদায় ঠান্ডা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। নতুন করে উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা থাকছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ দিনে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চল ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু অঞ্চলে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবনের সর্বশেষ সাত দিনের বুলেটিনে বলা হয়েছে, উত্তর ও দক্ষিণবঙ্গের সকল জেলায় ২৬ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে এক বা দুটি স্থানে ভোরের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাবে (২০০ মিটার থেকে ৯৯৯ মিটারের মধ্যে)। শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকায় পারদের লক্ষণীয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বিকেলে তাপমাত্রা সর্বোচ্চ ৩১.৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, ভোরের সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।