কার্যত বন্ধ হরমুজ, তেলের যোগান দিয়ে ভারতকে বাঁচাচ্ছে থর মরুভূমি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইরান যুদ্ধের কারণে একপ্রকার অবরুদ্ধ হয়ে পড়েছে হরমুজ প্রণালী। এই গুরুত্বপূর্ণ জলপথে পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে তেহরান। যার ফলে গোটা বিশ্বে তেল, গ্যাস সহ অন্যান্য জ্বালানি সরবরাহ কার্যত ধাক্কা খেয়েছে। ইচ্ছে মতো জ্বালানি নিয়ে আসতে পারছে না ভারতের জাহাজগুলিও। এমন পরিস্থিতিতে এবার দেশের মাটিতেই তেল উৎপাদনে নতুন রেকর্ড গড়ল ভারতীয় সংস্থা অয়েল ইন্ডিয়া লিমিটেড। জানা যাচ্ছে, রাজস্থানের থর মরুভূমির (Thar Desert) যোধপুর স্ট্যান্ডস্টোন স্তর থেকে প্রত্যেকদিন 1200 ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল উৎপাদন এবং উত্তোলন করে রেকর্ড করছে এই সংস্থা।

কঠিন সময়ে ভারতকে বাঁচাচ্ছে থর মরুভূমি!

সময় যত গড়াচ্ছে পশ্চিম এশিয়ার অস্থিরতা ততই বড় আকার ধারণ করছে। এমন পরিস্থিতিতে ঘরোয়া উৎপাদনে বিশেষ জোর দিয়েছে অয়েল ইন্ডিয়া লিমিটেড। গত বছরের তুলনায় এ বছর 70 শতাংশেরও বেশি অপরিশোধিত তেল উৎপাদন এবং উত্তোলন করা গিয়েছে রাজস্থানের থর মরুভূমি থেকে। গত বছর এই অঞ্চল থেকে মাত্র 705 ব্যারেল তেল প্রতিদিন উত্তোলন করা গিয়েছিল।

বলাই বাহুল্য, এই দেশীয় সংস্থাটি মূলত জয়সালমেরের বাঘেওয়ালা তেলক্ষেত্র থেকে প্রতিদিন এই বিপুল পরিমাণ তেল উত্তোলন করছে। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তেল উত্তোলন করে তা গুজরাতের মেহসানায় অবস্থিত অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশনের পরিশোধনাগারে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তীতে ওই তেল পাইপ লাইন দিয়ে পৌঁছে যাবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কয়ালি শোধনাগারে। আর এই গোটা ব্যবস্থার মধ্যে দিয়েই দেশে জ্বালানির চাহিদা মেটানো যাবে বলেই মনে করছেন অনেকে।

অবশ্যই পড়ুন: মিলবে সিট, হাওড়া-দীঘা নতুন ট্রেন চালু করল রেল, দেখুন ভাড়া ও সময়সূচি

বিশেষজ্ঞ মহলের দাবি, বাঘেওয়াল তৈল খনিতে কম করে 52টি কূপের মধ্যে 33টি কূপ থেকে তেল উত্তোলন প্রক্রিয়া চলছে। গতবছর যদিও মাত্র 11টি কূপে সিএসএস প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল সেখানে এ বছর 19টি এই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। এছাড়াও নতুন করে খনন করা হচ্ছে 13টি কূপ। না বললেই নয়, হরমুজ প্রণালী এই মুহূর্তে কার্যত বন্ধ। যার ফলে ব্যাহত হচ্ছে গোটা বিশ্বের তেল সরবরাহ। এমন পরিস্থিতিতে দেশে জ্বালানির চাহিদা মেটাতে ঘরোয়া উৎপাদনের উপর বিশেষ নজর দিতে বলছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। সেই মতোই চলছে কাজ।

সব মিলিয়ে বলা যেতে পারে, গোটা বিশ্ব বাজারে জ্বালানি নিয়ে ব্যাপক অনিশ্চয়তার মধ্যে দেশবাসীর স্বার্থকে সুনিশ্চিত করতে অর্থাৎ জ্বালানির সরবরাহ অব্যাহত রাখতে সব রকম চেষ্টা করছে নরেন্দ্র মোদি সরকার। আর সেই চেষ্টাতেই বড় ফল দিয়েছে রাজস্থানের থর মরুভূমি। এক কথায়, কঠিন সময় তেলের যোগান দিয়ে ভারতকে বাঁচাচ্ছে থর।

Leave a Comment