কাশ্মীরে হয়েছিলেন শহীদ, মরণোত্তর সেনা পদক পেলেন নদিয়ার ঝন্টু আলি শেখ

Jhantu Ali Sheikh

সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের নিরাপত্তার জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন ভারত মাতার এই সন্তান। প্রজাতন্ত্র দিবসে সেই আত্মত্যাগের স্বীকৃতি পেলেন নদীয়ার তেহট্টের পাথরঘাটা গ্রামের হাবিলদার ঝন্টু আলি শেখ (Jhantu Ali Sheikh)। কাশ্মীরে সন্ত্রাস দমন অভিযানে শহীদ হওয়া এই ৬ প্যারা স্পেশাল ফোর্সের জওয়ানকে মরণোত্তর সেনা মেডেলে ভূষিত করা হল। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, ঝন্টু আলি শেখ সহ ভারতীয় সেনার আরও ৪৩ জন জওয়ান এই বছর সেনা মেডেল পেয়েছেন।

কীভাবে শহীদ হলেন ঝন্টু আলি শেখ?

আসলে গত বছর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা দু’দিন পর জম্মু ও কাশ্মীরের উধমপুরে সন্ত্রাস দমন অভিযানে অংশ নিয়েছিলেন ঝন্টু আলি শেখ। আর সেই অভিযানের সময় তিনি শহীদ হন। সেনাদের তরফ থেকে জানানো হয়েছিল, কঠিন পরিস্থিতিতেও তিনি সাহস আর পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন। তবে ভাগ্যেৎ নির্মম পরিহাসে প্রাণ গিয়েছিল তাঁর।

আমরা তাঁর পারিবারিক তথ্য সম্পর্কে যা জানতে পেরেছি সেই অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদিয়া জেলায় তাঁর বাড়ি ছিল। ছোটবেলা থেকেই তাঁর সেনাবাহিনীর প্রতি টান তৈরি হয়। জানা যায়, আন্দুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে বেতাইয়ের বি আর আম্বেদকর কলেজে স্নাতক স্তরে পড়াশোনা করেছিলেন তিনি। ২০০৮ সালে ভারতীয় সেনায় যোগদান করেন। পরে ৬ প্যারা স্পেশাল ফোর্সের মতো এলিট ইউনিটে দায়িত্ব পেয়েছিলেন। এমনকি তিনি বিবাহিত ছিলেন, এবং স্ত্রী ও দুই সন্তান আগ্রার সেনা ক্যান্টনমেন্টে থাকতেন।

আরও পড়ুন: মোবাইল থেকেই করতে পারবেন পেমেন্ট, জাপানে চালু হচ্ছে ভারতের UPI

প্রসঙ্গত, ঝন্টু আলি শেখের শহীদ হওয়ার পর সেনার হোয়াইট কোর জানিয়েছিল, কর্তব্যের প্রতি তাঁর নিষ্ঠা এবং সাহসিকতা সারাজীবন চিরস্মরণীয় হয়ে থাকবে। এছাড়াও কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র শোক প্রকাশ করে বলেছিলেন, কাশ্মীরের উধমপুরে সেনা ও জঙ্গিদের সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন আমাদের নদীয়ার সন্তান ঝন্টু আলি শেখ। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিক।

Leave a Comment