কিস্তিতে DA মেটাবে রাজ্য সরকার? সুপ্রিম কোর্টের রায়ের আগে উঠল নয়া দাবি

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতা: বিধানসভা ভোটের আগে বাজেট পেশ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৫ তারিখ ঘোষণা করা হবে রাজ্য বাজেট। যদিও, এটি পূর্ণাঙ্গ বাজেট নয়। ফেব্রুয়ারির ৫ তারিখের অপেক্ষায় দিন গুনছেন রাজ্যের সরকারী কর্মচারীরা। কারণ, ডিএ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছেন রাজ্য সরকারের অধিনস্ত কর্মীরা। সুপ্রিম কোর্টে চলেছে মামলা (Bengal DA Case)। শুনানি হলেও, এখনও চূড়ান্ত রায় শোনানো বাকি।

গত ৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টে রাজ্যের সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয়। কিন্তু চূড়ান্ত রায় এখনো শোনানো হয়নি, যার ফলে, রাজ্য সরকারী কর্মীরা যারপরনাই হতাশ ও ক্ষুব্ধ। তাঁরা আশা করছে, আগামী ৫ ফেব্রুয়ারির বাজেটে হয়তো ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে রাজ্য সরকার। তবে এবার এই ডিএ প্রসঙ্গে ফের মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী মলয় মুখোপাধ্যায়।

ডিএ বাড়ানো হোক ২ থেকে ৩ কিস্তি: মলয় মুখোপাধ্যায়

বিধানসভা ভোটের আগে, সরকারের পক্ষ থেকে দেওয়া হতে পারে চমক। অতীতে একাধিকবার বাজেটের সময় ডিএ ঘোষণা করেছিল রাজ্য। এবারেও তার অন্যথা হবে না বলেই আশা করছেন রাজ্য সরকারী কর্মীদের একাংশ। আশা মোতাবেক রাজ্য সরকার যদি ডিএ বৃদ্ধির হার ঘোষণা করেও, তাহলে কত শতাংশ বৃদ্ধি হতে পারে? ২০২৫ সালের বাজেটে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেয়েছিল ৪ শতাংশ, তার আগের বছর, মানে ২০২৪ সালে, বৃদ্ধির হার ছিল ৪ শতাংশ এবং ২০২৩-এর রাজ্য বাজেটে ডিএ বাড়ানো হয়েছিল ৩ শতাংশ হারে। 

বিগত তিন বছরের হিসেবে এবারেও এক কিস্তি বা ৩-৪ শতাংশ ডিএ বৃদ্ধির পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তাতে খুব একটা খুশি হতে পারছেন না রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। তাঁর দাবি স্পষ্ট, ডিএ এক ধাক্কায় বাড়ানো হোক দুই থেকে তিন কিস্তি। 

কেন্দ্রের সঙ্গে রাজ্যের DA ফারাক কমবে?

“অধিকাংশ রাজ্য সরকার ১৯ কিস্তি বা ৫৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা দিচ্ছে। নয়া বেতন কমিশন গঠন হয়ে গিয়েছে। সেখানে আমরা মাত্র ১৮% ডিএ’তে পড়ে আছি। যদি এই ষষ্ঠ বেতন কমিশনের ডিএও আমাদের রাজ্যের সরকার দু’তিন কিস্তি একসঙ্গে দেয়, তাহলেও তো কিছুটা সুরাহা হয়। আগামী ৫ তারিখ বাজে, আমরা সেদিকেও তাকিয়ে আছি। জানি না কী হবে”, বলেছেন মলয় মুখোপাধ্যায়।

আরও পড়ুনঃ বানচাল হয়ে যাবে মাধ্যমিক পরীক্ষা? বড়সড় আশঙ্কা প্রকাশ ব্রাত্য বসুর

বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ ডিএ পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। একই সময়ে কেন্দ্রীয় সরকারী কর্মীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ডিএ পাচ্ছেন ৫৮ শতাংশ হারে। অর্থাৎ, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ডিএ’র পার্থক্য একেবারে ৪০ শতাংশ। সংগঠনের কর্মীরা চাইছেন এই ফারাক যত সম্ভব কমিয়ে দিক রাজ্য সরকার।

Leave a Comment