কৃষকরা পাবে ন্যায্য মূল্য, আলুর দাম নিয়ে বড় ঘোষণা নবান্নর

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে বাড়ছে চরম উত্তেজনা। জনসংযোগ বৃদ্ধিতে মরিয়া হয়ে উঠেছে নেতা মন্ত্রীরা। আর এই আবহে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য নেওয়া হল বড় পদক্ষেপ। চাষিদের আর্থিক সুরক্ষা প্রদান করতে এবার সরাসরি চাষিদের কাছ থেকে আলু কিনবে রাজ্য সরকার। বড় সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের (Nabanna) মন্ত্রিসভার বৈঠকে।

ভোটের আগে আলু চাষিদের স্বস্তি

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত হয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে একাধিক গুরুতর বিষয় নিয়ে আলোচনার মাঝে উঠে আসে আলু চাষের প্রসঙ্গ। সরকারি সূত্রে জানা গিয়েছে, রাজ্যের আলু উৎপাদনকারী কৃষকদের যাতে কোনও ভাবেই লোকসান না হয়, সেই লক্ষ্যেই আলু কিনতে চলেছে সরকার। প্রশাসন এক কুইন্টাল আলু কিনবে ৯৫০ টাকায়, অর্থাৎ প্রতি কেজি আলু ৯ টাকা ৫০ পয়সা দরে। পাশাপাশি বাজারে অভাবী বিক্রি রোধ করতেও সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে।

সর্বোচ্চ ৭০ বস্তা আলু কিনবে প্রশাসন

কৃষি বিপণন দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্য সরকার ১ মার্চ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু করবে। যা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত। এই সময়কালে চাষিদের নির্দিষ্ট প্রমাণপত্রের মাধ্যমে আলু বিক্রি করতে হবে। আলু কেনা হবে হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে, এবং চাষিরা প্রয়োজনে ব্যাংক থেকে ঋণও নিতে পারবেন। বৈঠকে একাধিক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৭০ বস্তা আলু কেনা হবে। সেক্ষেত্রে মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১২ লক্ষ টন। রাজ্য প্রশাসনের মতে, এই উদ্যোগের ফলে এক দিকে যেমন কৃষকরা ন্যায্য দাম পাবেন, তেমনই বাজারে আলুর দামেও স্থিতাবস্থা বজায় থাকবে।

আরও পড়ুন: টেট পাশ না হলেও থাকবে শিক্ষকদের চাকরি সুরক্ষিত? বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের

প্রসঙ্গত, ২০২০ সালে প্রায় ৩১ হাজার টন আলু কেনা হয়েছিল। এ বার সেই পরিমাণ অনেকটাই বাড়ানো হয়েছে, মত ১২ লক্ষ্য টন আলু কেনার পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে আলু চাষীদের কোল্ড স্টোরেজ নিয়েও বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। নবান্নের তরফে জানানো হয়েছে কোল্ড স্টোরেজে ৩০% জায়গা ছোট ও প্রান্তিক চাষিদের জন্য সংরক্ষিত থাকবে। এমনকি সমস্ত ব্যবস্থা জেলাশাসকদের নজরদারিতে হবে বলেই নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Comment