কোনও দাবি ছাড়াই মিলবে মোটা টাকা, বড় সিদ্ধান্ত EPFO-র

সহেলি মিত্র, কলকাতা: EPFO সদস্যদের পোয়া বারো। আসলে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO) এখন সেইসব ব্যক্তিদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুবিধা চালু করছে, যাদের PF অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় রয়েছে এবং যেখানে টাকা জমা হলেও তোলা হয়নি। এই ধরনের নিষ্ক্রিয় অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা পুনরুদ্ধার করাই EPFO-এর মূল লক্ষ্য। নতুন এই প্রকল্পের অধীনে, EPFO ​​একটি স্বয়ংক্রিয় নিষ্পত্তি (PF Claim) ব্যবস্থা চালু করবে। এর অর্থ হলো, টাকা তোলার জন্য ব্যক্তিদের আর আলাদাভাবে আবেদন করার প্রয়োজন হবে না। অটোমেটিকভাবে সকলের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

EPFO-এর পরিকল্পনা কী?

এই প্রকল্পের অধীনে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা থাকলে, টাকা স্বয়ংক্রিয়ভাবে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। এখনও অবধি যা খবর, আধারের মাধ্যমে ভেরিফায়েড প্রায় ২৫% নিষ্ক্রিয় অ্যাকাউন্ট শীঘ্রই এই সুবিধার আওতায় আসতে পারে। প্রায় ৮.১ লক্ষ অ্যাকাউন্টে ৫,২০০ কোটি টাকা রয়েছে, যা স্বয়ংক্রিয় নিষ্পত্তির মাধ্যমে ফেরত দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।

কে কত টাকা পাবেন?

এখন প্রশ্ন উঠছে, কে কত টাকা পাবেন? এক রিপোর্ট অনুযায়ী, প্রায় ১৪,০০০ অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকার বেশি ব্যালেন্স রয়েছে। এছাড়াও, প্রায় ৩৮,০০০ অ্যাকাউন্টে ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে এবং প্রায় ৪১,০০০ অ্যাকাউন্টে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকার মধ্যে ব্যালেন্স রয়েছে। অন্যদিকে ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) অনুমোদন করেছে যে, ১,০০০ টাকা বা তার কম ব্যালেন্স থাকা নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোও সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে অটোমেটিকভাবে নিষ্পত্তি করা হবে।

সূত্রের খবর, একটি EPFO ​​অ্যাকাউন্ট তখন নিষ্ক্রিয় হয়ে যায় যখন তাতে সুদ আসা বন্ধ হয়ে যায়। সাধারণত ৫৫ বছর বয়সে অবসর গ্রহণের পর তিন বছর ধরে কোনো অর্থ জমা না দিলে এমনটা ঘটে। তবে, ৫৫ বছরের কম বয়সী সদস্যদের অ্যাকাউন্টে তাদের ৫৮ বছর বয়স পর্যন্ত সুদ আসতে থাকে।

Leave a Comment