প্রীতি পোদ্দার, কলকাতা: রাত পোহালেই প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা (Final Voter List)। জোর কদমে চলছে তালিকা প্রকাশের প্রস্তুতি। কিন্তু এখনও অনেক ভোটারের তথ্যগত অসঙ্গতি নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। তাই স্বাভাবিকভাবে ভোটারদের মধ্যে এক চাপা উত্তেজনা তৈরি হয়েছে। যদিও আদালত জানিয়েছিল, ২৮ তারিখের মধ্যে এসআইআরের কাজ যত দূর এগোবে, আপাতত তার ভিত্তিতেই তালিকা প্রকাশ করতে হবে। এমতাবস্থায় জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারির তালিকায় নাম থাকবে সকলেরই, তবে কমিশন ভাগ করে দেবে ‘ক্যাটেগরি’।
সকলেরই নাম থাকবে চূড়ান্ত ভোটার তালিকায়
রাজ্যে SIR নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকার এবং কমিশনের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করে এসেছে। সেই কারণে চূড়ান্ত ভোটার তালিকায় সকলের নাম থাকা নিয়ে একটা প্রশ্নমূলক পরিস্থিতি তৈরি হয়েছে। তবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার একাধিক তথ্য দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। জানালেন, চূড়ান্ত তালিকায় সকলের নাম থাকবে। এমনকী যাঁদের নাম ওঠার বিষয়টি বিচারাধীন অর্থাৎ নথি যাচাই হয়নি অথবা তথ্য মেলেনি, তাঁদের নামও থাকবে চূড়ান্ত তালিকায়। সেক্ষেত্রে কমিশন ভাগ করে দেবে ‘ক্যাটেগরি’। অর্থাৎ কারা ‘যোগ্য’, কাদের নাম এখনও যাচাই করা যায়নি, তা আলাদা করে চিহ্নিত করে দেওয়া হবে।
ক্যাটাগরি অনুযায়ী প্রকাশিত হবে নাম!
কমিশনের তরফে জানানো হয়েছে, ২৮ তারিখ পর্যন্ত যে নামগুলির নিষ্পত্তি হবে, সেগুলিকে যোগ্য ভোটার হিসাবে ধরা হবে। তাঁদের শুধু নাম তালিকায় উল্লেখ থাকবে, আলাদা করে পাশে কিছু না-ও লেখা থাকতে পারে। অর্থাৎ তাতেই বোঝা যাবে, তাঁদের নাম চূড়ান্ত এবং ভোটদানের অধিকারী। আর যে সমস্ত ভোটারের নাম যাচাই এবং নিষ্পত্তির জন্য বিচারকদের কাছে পাঠানো হয়েছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেই সংখ্যাটা ৬০ লক্ষ। পরে তাঁদের বিষয়টি নিষ্পত্তি হলে সাপ্লিমেন্টারি তালিকায় যোগ্য ভোটার হিসেবে নাম তোলা হবে তাঁদের। অন্যদিকে চূড়ান্ত তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়বে, তাঁদের নামের পাশে লেখা থাকবে – বাতিল বা ডিলিটেড। এছাড়াও ফর্ম ৬-এর মাধ্যমে যে নাম যোগ হয়েছে, সেগুলিও তালিকায় যোগ হবে।
আরও পড়ুন: পেনশন প্রকল্প নিয়ে সুখবর শোনাল নবান্ন
কীভাবে তালিকা থেকে নাম যাচাই করবেন?
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন, চূড়ান্ত ভোটার তালিকা অনেকটা SIR এর খসড়া তালিকার মতোই প্রকাশিত হবে। ভোটারের বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বর দিয়ে সার্চ করলেই নিজের নাম দেখতে পাবেন। এছাড়াও, রাজ্যের সব BLO-কে হার্ড কপি দেওয়া হবে তালিকার। ভোটারেরা নিজেদের এলাকার BLO-র কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। পাশাপাশি রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফ্ট কপি এবং জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদের হার্ড কপি দেওয়া হবে। সেখান থেকেও ভোটাররা নাম যাচাই করে নিতে পারবে।