খাবারে পড়েছিল টিকটিকি, মিড-ডে মিল খেয়েই গোটা স্কুলের ৭০ জন ছাত্রী হাসপাতালে ভর্তি

Mid Day Meal

সৌভিক মুখার্জী, মাধেপুরা: স্কুলের মিড-ডে মিল (Mid Day Meal) খেয়েও যে এরকম পরিণতি হতে পারে তা হয়তো কেউ ভাবতেও পারেনি। হ্যাঁ, মিড-ডে মিল খেয়েই অসুস্থ হয়ে পড়ল গোটা স্কুলের প্রায় ৭০ জন ছাত্রী। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করতে হয় প্রত্যেক পড়ুয়াকে। ঘটনাটি ঘটেছে গতকাল অর্থাৎ শনিবার, বিহারের মাধেপুরা সদর ব্লকে সাহুগড়ের কারুতলার একটি স্কুলে।

মিড-ডে মিল খেয়ে হঠাৎ করেই অসুস্থতা

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, গতকাল দুপুরে মিড-ডে মিলে খিচুড়ির আয়োজন করা হয়েছিল। বেশ জম্পেশ করে চলছিল খাওয়া দাওয়া। তবে আচমকা খিচুড়ি খেয়েই একের পর এক স্কুল পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয় অ্যাম্বুলেন্স, এবং অসুস্থ পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় মাধেপুরা সদর হাসপাতালে। চিকিৎসকরা জানাচ্ছেন, পড়ুয়াদের অবস্থা আপাতত স্থিতিশীল। বর্তমানে ৭০ জন পড়ুয়া চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আর বাকিরা ছাড়া পেয়েছে। তবে একজন ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কিন্তু এই ঘটনায় পড়ুয়াদের অভিভাবকরা ক্ষোভে ফেটে পড়েছে।

ওই সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই হঠাৎ করে বমি, পেটব্যথা ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা যায়। এরপরেই দ্রুত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, ওই স্কুলের মিড-ডে মিল সরবরাহ করে প্যারাস অ্যাগ্রো নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। খাবার খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই ছাত্র-ছাত্রীদের এহেন পরিণতি হতে থাকে। অভিভাবকদের সন্দেহ, খাবারের মধ্যে হয়তো টিকটিকি পড়েছিল। আর সেই খাবার ওই এনজিও সংস্থা সরবরাহ করেছিল। যদিও তদন্তকারীরা এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। তবে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: চকলেট ডে’তে প্রিয় মানুষকে এভাবে করুন উইশ! জীবনে মিষ্টতার অভাব হবে না…

উল্লেখ্য, জেলা শিক্ষা আধিকারিক সঞ্জয় কুমার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছেন। আর তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানিয়েছেন, শিশুদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। এমনকি পরিস্থিতির দিকে তিনিও নজর রাখছেন, আর খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, ভয় পাওয়ার কিছু নেই। সকলেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে আর দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।

Leave a Comment