সহেলি মিত্র, কলকাতাঃ অকাল বৃষ্টিতে ভিজতে শুরু করেছে বাংলা। কেউ হয়তো ভাবতেও পারেনি শীত যেতে না যেতেই আচমকা বৃষ্টি নামবে বাংলাজুড়ে। গতকাল শনিবার বাংলার বেশ কিছু অংশে বৃষ্টি হয়েছে। তবে আজ রবিবার ছুটির দিনেও বৃষ্টি হওয়ার (South Bengal Weather) সম্ভাবনা প্রবল বলে খবর। আজ দুপুরের পর জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নিশ্চয়ই ভাবছেন কেন আবহাওয়া বদল হয়েছে বাংলার? মূলত ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হচ্ছে এবং হবে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
কিছুক্ষণেই বৃষ্টি নামবে এই জেলাগুলিতে!
আজ সকাল থেকেই বাংলার আকাশ মেঘলা। মাঝেমধ্যে সূর্য উঁকি দিলেও বেশিক্ষণ থাকছে না। কিছু কিছু জেলায় আবার সক্লাএর দিকে ভালো রকম কুয়াশাও ছিল। যাইহোক, আজও রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ওড়িশা এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও জম্মু এবং মধ্য পাকিস্তানেও সৃষ্টি হয়েছে ঘূর্ণাবর্তের। এছাড়া আবার দোসর হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা যেটি রয়েছে জম্মু-কাশ্মীর সংলগ্ন এলাকায়। আজ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির আভাস রয়েছে।
আরও পড়ুনঃ বিশ্বের কঠিনতম রেল প্রকল্প ভারতের! ২৭০ কিমি সুড়ঙ্গ খুঁড়ে চিন সীমান্তে যাবে ট্রেন
আলিপুর জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর সোমবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া এবং হুগলী জেলায় বৃষ্টি হতে পারে। এরপর মঙ্গলবার দুই ২৪ পরগণা, নদীয়া, দুই মেদিনীপুর, কলকাতা জেলায় বৃষ্টি হবে। আগামী বুধবার অবধি বৃষ্টি চলবে জেলাগুলিতে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের কথা বললে আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এরপর আগামীকাল সোমবার বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলায়। এরপর মঙ্গলবার এবং বুধবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ারে।