সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটিয়ে বাংলাদেশের অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন (Bangladesh Election)। ২০২৪ সালে গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ছাড়ার পর শুরু হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার মহম্মদ ইউনূসের প্রশাসন। টানা ১৮ মাস পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। তবে বৃহস্পতিবার নির্বাচন শুরু হতেই পদ্মাপাড়ের একাধিক জায়গা থেকে আসলো আতঙ্কের খবর। বাংলাদেশ ন্যাশনাল পার্টির কর্মী সমর্থক ও জামাতে ইসলামী কর্মীদের সংঘর্ষে নিহত হল বিএনপি নেতা। এমনকি একাধিক জায়গায় ঘটানো হয়েছে ককটেল বিস্ফোরণ।
একাধিক ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ
যুগান্তরের প্রতিবেদন অনুযায়ী খবর, এদিন গোপালগঞ্জ-২ আসনে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে ১ শিশু সহ ২ আনসার সদস্য গুরুতর আহত হয়েছে। জানা যায়, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ন’টা নাগাদ, যা নিয়ে একেবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটকেন্দ্র ফাঁকাই ছিল। তখন নাতিকে নিয়ে এক ঠাকুমা ভোটকেন্দ্রে ভোট দিতে এসেছিলেন। আর সেই সময়ই বাইরে থেকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়, যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে শুধু গোপালগঞ্জ নয়, বরং এদিন মুন্সিগঞ্জ-৩ আসনের সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ। তাও একটি নয়, বরং একাধিক বিস্ফোরণ ঘটে পরপর, যা নিয়েও গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা যায়, ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছিল। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়েই মূলত এই সংঘাত।
জামাতের হাতে খুন হল বিএনপি নেতা
তবে শুধুমাত্র ককটেল বিস্ফোরণ নয়, বরং এই নির্বাচনকে কেন্দ্র করে প্রাণও গিয়েছে এক বিএনপি নেতার। এমনিতেই চির প্রতিদ্বন্দ্বী দল জামাতে ইসলামী ও বাংলাদেশ নাগরিক পার্টি। সেই সূত্রে এদিন খুলনায় সমর্থকদের সঙ্গে সংঘাতে প্রাণ হারিয়েছেন বিএনপি নেতা মহিবুজ্জামান কোচি। জানা গিয়েছে, জামাতের হাতেই তিনি খুন হয়েছেন। তবে এই দাবি এড়িয়ে ঘটানোর সঙ্গে কোনও রকম যোগসূত্র নেই বলেই জানিয়ে দিয়েছে জামাত।
আরও পড়ুন: BNP ক্ষমতায় এলেই এক হবে ভারত-বাংলাদেশ, উপকৃত হবে নয়া দিল্লি? মিলল উত্তর
প্রসঙ্গত, রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে আজ ভোট দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। ভোট দিয়ে তিনি জানিয়েছেন, “আজ থেকে আমরা প্রতিটি পদেই নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে সারাদিনব্যাপী আমরা জন্মদিন পালন করব। সবাই উৎসব করি। নিশ্চিতভাবেই সবাই গণভোট দেবেন। প্রার্থীদের ভোট অবশ্যই গুরুত্বপূর্ণ। সবাইকেই আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে আমরা আবার নতুন করে বাংলাদেশকে গড়তে পারি। আজ মুক্তির দিন। সবাই নতুন করে স্বপ্ন দেখা শুরু করুন। ঈদ মোবারক।”