সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলায় হু হু করে ঢুকছে শীতল হাওয়া। আর এই শীতের কামড়ে যুবুথুবু অবস্থা সকলের। সকাল, বিকেল, রাতে থাকছে শীতের দাপট, সেইসঙ্গে দোসর হয়েছে মেঘলা আকাশ এবং ঘন কুয়াশা। এখন মানুষ বাড়ি থেকে বেরনোর আগে দশবার ভাবেন। যাইহোক, আগামী কয়েকদিন এরকম ঠান্ডার প্রকোপ বাংলায় অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। একদিকে যখন দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া নিত্যদিন ঠান্ডার নতুন রেকর্ড গড়ছে, ঠিক তেমনই অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও রেকর্ড তৈরি করছে ঠান্ডার। সেখানকার সর্বনিম্ন পারদ ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে বলে খবর। আজ মঙ্গলবারও শীতের ঝোড়ো ব্যাটিং অব্যাহত থাকবে বাংলায় বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় জাঁকিয়ে শীত বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
পশ্চিমবঙ্গে এক সপ্তাহ ধরে স্থিতিশীল, শুষ্ক এবং শীতল শীতকালীন আবহাওয়া থাকবে এবং আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সাত দিনে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।
আইএমডি কলকাতা জানিয়েছে, “আগামী সাত দিন রাজ্য জুড়ে সর্বনিম্ন তাপমাত্রায় কোনও বড় পরিবর্তন হবে না।” আরও বলা হয়েছে যে, এক বা দুটি জায়গায় সকালের দিকে অগভীর থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা এক কিলোমিটারেরও কম কমিয়ে আনতে পারে। কলকাতার আবহাওয়া সম্পর্কে বললে, কলকাতা এবং এর আশেপাশের অঞ্চলের পূর্বাভাসে বলা হয়েছে যে, আকাশ মূলত পরিষ্কার থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্থিতিশীল থাকবে, আগামী পাঁচ দিন ধরে যথাক্রমে ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সকালের দিকে কুয়াশা থাকবে। যদিও ঠান্ডার বেশি দাপট থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। লেটেস্ট আপডেট অনুযায়ী, উত্তরবঙ্গের আবহাওয়াও প্রধানত শুষ্ক থাকবে, বৃষ্টির কোনও পূর্বাভাস থাকবে না। আগামী দুই দিনে সর্বনিম্ন তাপমাত্রা আরও ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।