গাড়ি উঠতেই ভেঙে পড়ল ৩০ বছরের পুরোনো সেতু! হুলুস্থুল কাণ্ড শীতলকুচিতে

Coochbehar

প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালেই ভয়াবহ কাণ্ড কোচবিহারে! পণ্যবাহী লরি-সহ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। আহত গাড়ির চালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে। অভিযোগ সেতুটি দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ হয়নি কিন্তু তবুও ভারী যানবাহন যাতায়াত করছে আর তাতেই এই বিপত্তি। ইতিমধ্যেই পুলিশ-প্রশাসনের তরফে ভেঙে পড়া সেতুর অংশ থেকে লরিটি উদ্ধার করা গিয়েছে। ঘটনাটিকে ঘিরে এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

ঠিক কী ঘটেছিল?

স্থানীয় রিপোর্ট মোতাবেক, আজ অর্থাৎ শুক্রবার সকালে কোচবিহারের শীতলকুচি ব্লকের বারোমাশিয়া দেবনাথপাড়া এলাকায় গিরিধারী সেতুতে একটি মালবাহী গাড়ি ওঠার পরেই আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজটি। বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দেখা যায়, সেতুর একটা অংশ নদীর উপর ভেঙে আটকে রয়েছে। ভাঙা সেতুর উপর আটকে রয়েছে ওই ডাম্পার। কোনো রকমে স্থানীয়দের সহায়তায় ওই ডাম্পারের চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। খবর দেওয়া হয় পুলিশ-প্রশাসনে। তবে ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

সেতু নিয়ে একাধিক অভিযোগ স্থানীয়দের

পুলিশের তরফে জানা গিয়েছে, এদিন সকালে শীতলকুচি থেকে সিতাইয়ের উদ্দেশে যাচ্ছিল ওই মালবাহী গাড়ি। কিন্তু গিরিধারী সেতুর উপরে মাঝ বরাবর গাড়িটি যেতেই ভেঙে পড়ে সেতুটি। যদিও স্থানীয়রা দাবি জানিয়েছেন যে, দীর্ঘদিনের পুরোনো সেতু দুর্বল হয়ে পড়েছিল। এর পরেও ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার কোনও নোটিস দেওয়া হয়নি। সেতুটি ভেঙে পড়ায় সমস্যায় পড়েছে বহু মানুষ। কিন্তু প্রশাসন চুপ। জানা গিয়েছে, বাম আমলে ২৫ থেকে ৩০ বছর আগে ওই সেতু তৈরি হয়েছিল। অভিযোগ, সেতুটিতে রক্ষণাবেক্ষণের অভাব ছিল। আর তাতেই এই বিপত্তি।

আরও পড়ুন: আর রাহানেতে ভরসা নয়? KKR-র অধিনায়ক হতে চলছেন এই প্লেয়ার! রিঙ্কু নন কিন্তু

প্রসঙ্গত, দেবনাথপাড়ার নতুন বাজার থেকে বারোমাশিয়া যাওয়ার গ্রামীণ সড়কে গিরিধারী সেতুটি যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। আর সেই মাধ্যমকে মজবুত করতে প্রশাসনের কাছে বারংবার অভিযোগ পত্র জমা দিয়েছিল গ্রামবাসীরা। কিন্তু কিছুতেই কোন ফল হয়নি। এদিকে সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা, পরীক্ষাটিতে যাতে যাতায়াতে কোন অসুবিধা না হয় তার জন্য দ্রুত বিকল্প রাস্তা খোজার আহ্বান জানানো হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। খুব শীঘ্রই প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment