সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউড তথা বাংলার সঙ্গীতপ্রেমীদের জন্য বড় চমক। বর্তমান প্রজন্মের সবথেকে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) গতকাল হঠাৎ করেই অবসর ঘোষণা করেছেন প্লেব্যাক গান থেকে। ২৭ জানুয়ারি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট সামনে আসতেই ভক্তদের মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ। তাহলে কি সংগীত দুনিয়া ছেড়ে নতুন পথে হাঁটবেন প্রিয় গায়ক?
এদিকে এই ঘোষণার পর থেকে জোর চর্চা শুরু হয়েছে অরিজিত এর ভবিষ্যৎ নিয়ে। এনডিটিভি-র সূত্র মারফৎ খবর, এবার অরিজিৎ সিং নাকি রাজনীতিতে যোগ দেওয়ার কথা চিন্তা ভাবনা করছেন! এমনকি তিনি নিজস্ব রাজনৈতিক দল গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা শুরু করেছেন। আদৌ তা কতটা সত্যি?
নতুন দল ঘোষণার পথে অরিজিৎ সিং?
সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। কিন্তু তার আগে রাজনীতির ময়দানে বড় কোনও লড়াইয়ে নামছেন না অরিজিৎ, এমনটা দাবি সংশ্লিষ্ট মহলের। বাংলা চলচ্চিত্র জগতের একাংশের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা তাঁর খুবই কম। বরং তিনি প্রথমে তৃণমূল স্তরে অর্থাৎ সাধারণ মানুষের সঙ্গে কাজ করে রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করতে চাইছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। কিন্তু ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, সংগীত থেকে রাজনীতিতে ধীরে ধীরে তিনি পদার্পণ করার প্রক্রিয়া শুরু করেছেন। এমনকি নতুন দলও ঘোষণা করতে পারেন।
আরও পড়ুন: দমদার ব্যাটারি, উন্নত প্রসেসর, খুব শীঘ্রই ধামাকাদার ফোন লঞ্চ করছে Nothing
প্রসঙ্গত, বর্তমানে কোটি কোটি টাকা আয় করলেও সাধারণ জীবনযাপনে বিশ্বাসী গায়ক। আজও তিনি নিজের জন্মস্থান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একেবারে সাদামাটা জীবনযাপন করেন। বিলাসবহুল জীবনধারা বা প্রচারের আলো থেকে সবসময় দূরে থাকতেই পছন্দ করেন সুরের যাদুকর। এই কারণেই রাজনীতিতে সাধারণ মানুষের সঙ্গে তাঁর সংযোগ সহজ হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। তবে হ্যাঁ, এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও নিশ্চয়তা নেই।