সৌভিক মুখার্জী, কলকাতা: টানা ছুটির পর ব্যাঙ্কিং পরিষেবা ফের সংকটের মুখে। মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি গোটা ভারত জুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। এর ফলে বহু জায়গায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখাগুলিতে স্বাভাবিক কাজকর্ম ব্যাহত থাকবে। বিভিন্ন ব্যাঙ্কেরপক্ষ থেকে এ বিষয়ে আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে, যাতে গ্রাহকদের কোনও রকম অসুবিধা না পোহাতে হয়।
কোন কোন পরিষেবা ব্যাহত হচ্ছে?
ব্যাঙ্ক ধর্মঘটের প্রস্তাবে এবার কিছু পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় নগদ লেনদেন, চেক জমা এবং ক্লিয়ারেন্স সংক্রান্ত কাজ, পাসবুক আপডেট, কাউন্টার পরিষেবা, ডিমান্ড ড্রাফট, নতুন অ্যাকাউন্ট খোলা কিংবা কেওয়াইসি সংক্রান্ত যে কোনও কাজ। তবে অনেক জায়গায় ব্যাঙ্ক খোলা থাকলেও কর্মীদের অভাবে পরিষেবা স্বাভাবিক নাও থাকতে পারে।
তবে হ্যাঁ, গ্রাহকদের জন্য স্বস্তির খবর এই যে, সমস্ত পরিষেবা একসঙ্গে বন্ধ থাকছে না। অনলাইন এবং ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা সম্পূর্ণরূপে স্বাভাবিক থাকবে। যেমন ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহারে কোনও রকম সমস্যা হবে না। পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রে এটিএম পরিষেবা সচল থাকবে। এছাড়াও বেসরকারি ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এই ধর্মঘটের প্রস্তাব খুব একটা প্রভাব ফেলবে না বলেই জানা গিয়েছে।
— Bank of Baroda (@bankofbaroda) January 24, 2026
— State Bank of India (@TheOfficialSBI) January 23, 2026
আরও পড়ুন: মদত রয়েছে চিন-পাকিস্তানের, ভারতকে চাপে ফেলতে বড় সিদ্ধান্ত বাংলাদেশের
কেন ধর্মঘট ডাকা হল?
আসলে এই ধর্মঘটের মূল কারণ ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে পাঁচ দিনের কাজের দাবি। বর্তমানে ব্যাঙ্কগুলোতে মাসে চারটি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি থাকে। তবে কর্মীদের দাবি, শনিবার এবং রবিবার দুই দিনই সাপ্তাহিক ছুটি ঘোষণা করতে হবে। আর এই দাবিতে একাধিকবার চিফ লেবার কমিশনারদের সঙ্গে বৈঠক হলেও কোনও রকম চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই কারণে এবার গোটা দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠন।