বিক্রম ব্যানার্জী, কলকাতা: “না বলেই গো মাংস খাইয়ে দেওয়া হয়েছে..” ঠিক এমনটাই অভিযোগ তুলেছিলেন ছোট পর্দার পরিচিত মুখ তথা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর সায়ক চক্রবর্তী (Sayak Chakraborty)। যা নিয়ে গঙ্গা দিয়ে জল গড়িয়েছে বেশ। পার্ক স্ট্রিটের নামজাদা রেস্তোরাঁর ভিডিও বিতর্কের জন্ম দেওয়ায় সমাজ মাধ্যমেই দেদার ট্রোলড হয়েছিলেন অভিনেতা। যাঁর জেরে শেষ পর্যন্ত নিজের ফেসবুক পেজ থেকেই বিতর্কিত ভিডিও ডিলিট করে দেন তিনি। এবার সেই সায়কের বিরুদ্ধেই পাক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি।
গোমাংস বিতর্কে এবার নিজেই বিপাকে সায়ক!
ঘটনাটা গত শুক্রবার রাতের। বন্ধুদের নিয়ে রাতের ডিনার সারতে পার্ক স্ট্রিটের অতি পরিচিত রেস্তোরাঁ অলিপাবে গিয়েছিলেন অভিনেতা। তাঁর অভিযোগ ছিল, মটন স্টিক অর্ডার করার পর তাঁদের না বলেই গরুর মাংস খাইয়ে দেওয়া হয়েছে। যেই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেওয়ার পাশাপাশি ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় FIR দায়ের করেছিলেন বাঙালি অভিনেতা। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একেবারে হইহই পড়ে গিয়েছিল। পরবর্তীতে সায়কের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় রেস্তোরাঁর এক কর্মীকে।
যদিও গোটা ঘটনায় অভিনেতার দিকেই আঙুল তুলেছিল নেট মহল। কনটেন্ট ক্রিকেটার থেকে শুরু করে বহু আমজনতা সোশ্যাল মিডিয়ায় সায়ককে কার্যত ধুয়ে দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল, তাঁর উদ্দেশ্য নিয়েও। অনেকেই দাবি করেছিলেন, ইচ্ছাকৃতভাবেই পার্ক স্ট্রিটের ওই হোটেলে গিয়ে বিফ খেয়েছেন অভিনেতা। তারপর হোটেল কর্মীকে দোষ দিচ্ছেন। ঠিক সেই আবহে শনিবার রাতেই পাক স্ট্রিট থানায় সায়ক চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামক এক ব্যক্তি। পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় নিজেই সে কথা জানান তিনি।
অবশ্যই পড়ুন: মাঠে নামছেন বাইচুং ভুটিয়ারা, প্রয়াত ইলিয়াসের পরিবার পাবে ১১ লাখ! বিরাট ভাবনা ইস্টবেঙ্গলের
সমাজ মাধ্যমে ওই ব্যক্তি লিখেছেন, “ফেসবুক নয়, একেবারে থানায় গিয়েই অভিযোগ জানালাম ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে।” সূত্রের খবর, পুলিশের কাছে ওই অভিযোগকারীর বক্তব্য ছিল, সম্পূর্ণ ইচ্ছে করেই দাঙ্গা লাগানোর চেষ্টায় এমন উস্কানিমূলক কাজ করেছিলেন অভিনেতা। সেই সাথে হোটেল কর্মীদের সম্মানহানিও করেছেন তিনি। তাই শাস্তি হওয়া উচিত তাঁর। সব মিলিয়ে, গোমাংস নিয়ে বিতর্কিত ভিডিও এবার ছোট পর্দার অভিনেতার জীবনেই বেগ বাড়াল।