গ্যাসের দাম ২০০০, তেল ২০০! বড়সড় ভবিষ্যদ্বাণী অভিষেকের

প্রীতি পোদ্দার, কলকাতা: ২৬ এর বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026) যত এগিয়ে আসছে ততই ভোট প্রচারে মনোযোগ দিচ্ছে শাসকদল থেকে শুরু করে বিরোধীরা। আর এবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রচারের বিনপুরে (Binpur) মেগা সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে এই সভা থেকে সরাসরি বিজেপি নেতৃত্বকে নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। জানিয়ে দিলেন এই কাজ করলে তৃণমূলের প্রার্থী প্রত্যাহার করবেন তিনি।

উন্নয়নের খতিয়ান রিপোর্ট তুলে ধরলেন অভিষেক

গত কয়েক বছরে বিনপুর বিধানসভা কেন্দ্রে উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ তুলে ধরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই এলাকায় ৮৪,৪৯৯ জন মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাচ্ছেন এবং ৩ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ ‘স্বাস্থ্যসাথী’র আওতায় রয়েছেন। এছাড়াও ২ লক্ষ ৮৮ হাজার মানুষকে বিনামূল্যে রেশন এবং ১২ হাজারেরও বেশি পরিবারকে বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির সুবিধা দেওয়া হয়েছে। খতিয়ানের মাঝেই বিজেপির উদ্দেশে কটাক্ষ করে বলেন, “বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু করে না। গ্রামের দিকে গেলেই বোঝা যায় কারা উন্নয়ন করছে।”

বিজেপিকে ফের চ্যালেঞ্জ অভিষেকের

ঝাড়গ্রামের বিনপুরে এক জনসভা থেকে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপি নেতৃত্বকে নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তাঁর সাফ কথা, “আগামী ৫ বছর রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না এটা মানুষের কাছে দাঁড়িয়ে লিখে দিন বিজেপি নেতারা, তবেই আমরা তৃণমূল প্রার্থী তুলে নেব। আপনারা মিলিয়ে নিন যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২,০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদী সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার। এই হচ্ছে বিজেপি। দিদি শুধু দিচ্ছেন, আর মোদী সরকার শুধু নিচ্ছেন।”

তৃণমূলের জয়ের আশ্বাস অভিষেকের

বিজেপির প্রার্থী নির্বাচন নিয়েও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিনপুরে যাঁকে প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে এলাকার কোনও যোগই নেই। এমনকি স্থানীয় বিজেপি নেতারাও তাঁকে মেনে নিতে পারছেন না। তাই বোঝাই যাচ্ছে এই কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত। এছাড়াও বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠেন অভিষেক। তাঁর কথায়, “নির্বাচন এলেই বিজেপির নেতারা ডেইলি প্যাসেঞ্জারের মতো আসেন, আর ভোট শেষ হলেই আর তাঁদের খোঁজ পাওয়া যায় না।” এরপর জনসভা থেকে তিনি বার্তা দেন, তৃণমূল ক্ষমতায় থাকলে উন্নয়ন অব্যাহত থাকবে, আর বিজেপি এলে সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হবে।

আরও পড়ুন: স্বামীকে থানায় নেওয়ার পর গৃহবধূকে গণধর্ষণ! অভিযুক্ত তৃণমূলের কর্মী, সমর্থকরা

কর্মীদের চাঙ্গা করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ভোট মিটে গেলেই বিজেপি সরকার আবার জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেটে টান মারবে, তাই ইভিএম-এ যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।” কেন্দ্রকে তুলোধোনা করে অভিষেক বলেন, “এই জনবিরোধী সরকার সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আর যখন আমরা মানুষের হক নিয়ে কথা বলতে যাই, তখন আমাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়।”

Leave a Comment