বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে রাতেও শত্রুর উপর হামলা চালাতে পারবে ভারতীয় সেনাবাহিনীর T-72 ট্যাঙ্কগুলি (T-72 Tank)। সেই মর্মেই ভারতীয় সেনার 96টি T-72 ট্যাঙ্ককে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের অধীনে নতুন করে আপগ্রেড করা হয়েছে। জানা যাচ্ছে, ভারতীয় স্থল সেনা যাতে এই ট্যাঙ্কগুলির সাহায্যে দিন রাতের পার্থক্য নির্বিশেষে হামলা চালাতে পারে সে জন্যই এতে নতুন নাইট ফাইটিং সিস্টেমে যোগ করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই ট্যাঙ্কগুলিতে বসানো হয়েছে টেম্পারেচার ইমেজিং ফায়ার কন্ট্রোল সিস্টেম। ইতিমধ্যেই এর ফায়ারিং টেস্টও শেষ করেছে ভারতীয় সেনাবাহিনী। তাতে নাকি পুরোপুরি সফল এই নয়া সিস্টেম।
বিশেষ আপগ্রেডেশনের কারণ
সেনা সূত্রে খবর, ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ T-72 ট্যাঙ্ক। এই বিশেষ ট্যাঙ্কারগুলি এর আগে সাধারণত কম আলোতে কিংবা রাতের অন্ধকারে কাজ করতে পারত না। পুরনো অপটিক্যাল সিস্টেমগুলি মূলত দিনের আলোতেই সীমাবদ্ধ ছিল। তবে নতুন করে যে টেম্পারেচার ইমেজিং ফায়ার কন্ট্রোল সিস্টেম ইনস্টল করা হয়েছে তা ক্ষীণ আলো বা রাতের ঘন অন্ধকারে প্রত্যন্ত অঞ্চল থেকে শত্রুর উপর হামলা চালাতে সাহায্য করবে।
রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরু ভিত্তিক সংস্থা আলফা এলএসসি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস সিস্টেমস প্রাইভেট লিমিটেড বিশেষ ট্যাঙ্কগুলিকে আপগ্রেড করার দায়িত্ব নিয়েছিল। যদিও এই সংস্থা একা নয় সংস্থাটির সাথে হাত মিলিয়ে ছিল ইজরায়েলের জনপ্রিয় অ্যালবিট সিস্টেমও। যদিও ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কগুলি আপগ্রেড করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে। বলাই বাহুল্য, এর আগে এই সিস্টেমগুলি আসত ইজরায়েল থেকে। যদিও বন্ধু দেশের উপর থেকে নির্ভরশীলতা কমিয়ে বর্তমানে দেশের মাটিতেই T-72 ট্যাঙ্ক আপগ্রেড করে ফেলল ভারতীয় সংস্থা।
অবশ্যই পড়ুন: বাংলার পাশেই বার্ড ফ্লু আতঙ্ক, মেরে ফেলা হল হাজার হাজার মুরগি
প্রসঙ্গত, সেনা সূত্রে খবর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতের T-72 ট্যাঙ্কগুলিতে যে TIFCS ইনস্টল করা হয়েছে, সেটি সেন্সর থেকে স্বয়ংক্রিয়ভাবে তথ্য গ্রহণ করে ফায়ার কন্ট্রোল সিস্টেমকে প্রেরণ করে। পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ট্রাক করে এটি যুদ্ধের সময় দিন বা রাত নির্বিশেষে নিখুঁত হামলা চালাতে সক্ষম। বলে রাখি, গত বছরের নভেম্বরে বিশেষ সিস্টেম যুক্ত ট্যাঙ্কের পরীক্ষা চালিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। সেই পরীক্ষায় সফল হওয়ার পরই ধীরে ধীরে নয়া সিস্টেমটি 96টি ট্যাঙ্কে ইনস্টল করার কাজ শুরু হয়। শোনা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনীর শক্তি বাড়ানোর পাশাপাশি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই সিস্টেম যুক্ত ট্যাঙ্ক আগামী দিনে বিদেশেও রপ্তানি করা হতে পারে।