বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেও তাঁকে অকথা-কুকথা বলতে ছাড়েননি ভক্তরা! সেই সৌরভ গাঙ্গুলিকে (Sourav Ganguly) নিয়েই এখন গুনগান নানা মহলে। আসলে ক্রিকেটে প্রশাসক হিসেবে চূড়ান্ত সফলতার পর বর্তমানে কোচ হিসেবেও সাফল্যের শিখরে গাঙ্গুলি। তাঁর কোচিংয়েই পুরনো ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে জায়গা করে নিল প্রিটোরিয়া ক্যাপিটালস। প্লে অফের লড়াইয়ে সানরাইজার্স ইস্টার্ন কেপকে গুঁড়িয়ে দিয়ে ফাইনালে আসন পাকা করেছে দাদার দল।
সৌরভের কৌশলেই বিপদ কেটেছে প্রিটোরিয়ার
দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভের কাঁধে চেপেই এবছর দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে যাত্রা শুরু করেছিল গতবারের ব্যর্থ দল প্রিটোরিয়া। শুরুতে অবশ্য কিছুটা ধাক্কা খেলেও ধীরে ধীরে মহারাজের কৌশল অবলম্বন করে জয় তুলতে থাকে দলটি। গতকাল অর্থাৎ বুধবার, সানরাইজার্স ইস্টার্ন কেপকে 7 উইকেটে গুঁড়িয়ে দেয় প্রিটোরিয়া। বলে রাখি, এর আগে দুবার চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। সেই দলকেই একেবারে তুরিতে হারিয়েছে সৌরভের প্রিটোরিয়া।
এদিন, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 170 রান তুলেছিল সানরাইজার্স। পরবর্তীতে প্রতিপক্ষের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে 9 বল হাতে রেখেই জয় খুঁজে নেয় সৌরভ গাঙ্গুলির দল। এদিন প্রিটোরিয়ার হয়ে 38 বলে 75 রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন ব্রেভিস। অন্যদিকে ব্রাইস পার্সনও 44 বলে 60 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন।
অবশ্যই পড়ুন: না ফেরার দেশে ইস্টবেঙ্গলের প্রাক্তন অধিনায়ক ইলিয়াস পাশা
না বললেই নয়, দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ফাইনালে যাওয়া প্রিটোরিয়া দলটি এবছর শুরুটা একেবারেই ভালভাবে করতে পারেনি। প্রথম পাঁচ ম্যাচের মাত্র একটিতে জিতেছিল তারা। অনেকে ধরেই নিয়েছিলেন প্রথমবার কোচ হয়েই চূড়ান্ত ব্যর্থ হবেন সৌরভ। তবে শেষ পর্যন্ত খেলা ঘুরিয়ে সকলের ভাবনা বদলে দিলেন গাঙ্গুলি। চলতি টুর্নামেন্টের দলকে একের পর এক সাফল্য দিয়ে ফাইনালে তুললেন কলকাতার মহারাজ। সৌরভ প্রমাণ করলেন হারতে হারতেও জেতা যায়।