বিক্রম ব্যানার্জী, কলকাতা: চিংড়িঘাটা মেট্রো (Chingrighata Metro) নিয়ে এবার আশার আলো দেখালো কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কঠিন অবস্থান নিতেই অবশেষে ময়দানে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, কবি সুভাষ থেকে কলকাতা বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ মেট্রো প্রকল্পের কাজ যাতে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যে এবার চিংড়িঘাটায় চালু করা হলো নতুন ডাইভারশন। মূলত যানজট এড়াতে এবং যানবাহনের যাতায়াতের সুবিধা করে মেট্রোর কাজ এগিয়ে নিয়ে যেতে সাইন্স সিটি থেকে বিধান নগরের দিকে যাওয়া গাড়িগুলির জন্য ক্যাপ্টেন ভেড়ি সংলগ্ন এলাকায় নতুন রাস্তা খুলেছে পুলিশ। সূত্রের খবর, ওই রাস্তাতেই এবার শুরু হয়েছে যান চলাচল।
প্রধান বিচারপতির হস্তক্ষেপেই মিটলো সমস্যা
চিংড়িঘাটা মেট্রোর 366 মিটার অংশের কাজ নিয়েই এতদিন আটকে ছিল মেট্রো রেলওয়ে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কলকাতা পুলিশের কাছে রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রোর তরফে আবেদন জানানো হয়েছিল, তারা যেন রাতে অন্তত তিন দিন চিংড়িঘাটার বাইপাসের অংশে যান চলাচল বন্ধ রাখে। সেই অনুরোধে নাকি পাত্তাই দেয়নি পুলিশ। আর তারপরই জল গড়ায় কলকাতা হাইকোর্টে।
উচ্চ আদালতে প্রধান বিচারপতির কাছে কার্যত বকুনি খেতে হয় কলকাতা পুলিশ এবং প্রশাসনকে। জানা যায়, রেল বিকাশ নিগম লিমিটেড এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে আবেদন পেতেই কলকাতা পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে যত দ্রুত সম্ভব চিংড়িঘাটা মেট্রোর 366 মিটার অংশের কাজ নিয়ে অচলাবস্থা কাটানোর নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, জটিলতা কাটাতে প্রধান বিচারপতির তরফে কলকাতা পুলিশকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। আর তারপরেই একেবারে ময়দানে নেমেছে পুলিশ।
সূত্রের খবর, ক্যাপ্টেন ভেড়িমুখী প্রায় 450 মিটার অংশে রাস্তা ঘুরিয়ে চিংড়িঘাটা উড়ালপুল পার করে বাঁদিক থেকে গাড়িগুলিকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিধাননগর ট্রাফিক সূত্রে খবর, মূলত মালবাহী ভারী ট্রাক এবং অন্যান্য লরিগুলিকে ক্যাপ্টেন ভেড়ির সামনের অংশ দেখে ঢুকিয়ে চিংড়িঘাটা থেকে বের করা হচ্ছে। তবে ছোট গাড়ি এবং ট্যাক্সি সহ বাইকগুলি আগের মতোই ইস্টার্ন বাইপাস দিয়ে যাতায়াত করতে পারবে।
অবশ্যই পড়ুন: ঘুরে গেল খেলা, প্রিটোরিয়াকে ফাইনালে তুলেই সমালোচনার মুখাগ্নি করলেন সৌরভ গাঙ্গুলি
প্রসঙ্গত, একদিকে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে তারা কলকাতা মেট্রোর সাথে ইতিমধ্যেই গোটা বিষয়টি নিয়ে কথা বলেছে। খুব শীঘ্রই সমস্যার স্থায়ী সমাধান হবে। এদিকে ট্রাফিক পুলিশের মত, চিংড়িঘাটায় নতুন ডাইভারশন চালু হওয়ার ফলে রাস্তা ব্লক করে কাজ চললেও সমস্যা হবে না। গাড়ির চাপ থাকলেও চিংড়িঘাটা ফ্লাইওভারের মুখের অংশ ফাঁকা থাকবে।