বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ড বধ করে ওয়ানডের বদলা নিয়েছে ভারত। 48 রানের বড় ব্যবধানে কিউই বাহিনীকে কুপোকাত করে সূর্যকুমার যাদবরা প্রমাণ করেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁরা পুরোপুরি তৈরি। তবে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার মুখের হাসি চওড়া হলেও চিন্তা বাড়িয়েছে তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলের চোট (Axar Patel Injury)। গতকাল ফিল্ডিং করতে গিয়ে আচমকা আঙুলে চোট লাগে ভারতীয় তারকার। আর তারপরেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলোয়াড়ের উপস্থিত নিয়ে তৈরি হয়েছে সংশয়।
অক্ষরের চোট কতটা গুরুতর?
বুধবার, ম্যাচের দ্বিতীয় পর্বে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ফিল্ডিং করছিলেন অক্ষর প্যাটেল। এমন সময় হঠাৎ আঙুলের চোট পান তিনি। রিপোর্ট অনুযায়ী, গতকালের চোটের পর আঙুল থেকে প্রবল রক্তক্ষরণ হতে শুরু করে খেলোয়াড়ের। যন্ত্রণায় কার্যত ছটফট করছিলেন তিনি। শেষ পর্যন্ত প্রচন্ড ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন অক্ষর। তারপর থেকেই প্রশ্ন উঠছে, খেলোয়াড়ের চোট কতটা গুরুতর? এ নিয়ে অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছুই জানানো হয়নি। সূত্রের যা দাবি, আঙুলে বেশ জোরালো চোট পেয়েছেন ভারতীয় ক্রিকেটার। খেলোয়াড়ের চোট নিয়ে খুব শীঘ্রই আসতে পারে বড় আপডেট। এদিকে ভারতীয় অলরাউন্ডার চোট পাওয়ায় নিউজিল্যান্ড সিরিজের পাশাপাশি আসন্ন বিশ্বকাপে তিনি খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
বিশ্বকাপে অক্ষর প্যাটেলের বদলি হিসেবে এগিয়ে রয়েছে তিন প্লেয়ারের নাম
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, অক্ষর প্যাটেল যদি শেষ পর্যন্ত চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারেন তবে তাঁর বিকল্প হিসেবে দলে নেওয়া হতে পারে রিয়ান পরাগকে। আসামের এই ক্রিকেটার ব্যাট বল উভয় ক্ষেত্রেই দক্ষ। সেক্ষেত্রে অক্ষরের ভূমিকায় বেশ ভাল মানাবে তাঁকে। বিয়ান ছাড়াও অক্ষরের বিকল্প হিসেবে ভারতীয় নির্বাচন কমিটির পছন্দের তালিকায় থাকতে পারে আরও দুটি নাম।
অবশ্যই পড়ুন: মোদির প্রশংসায় পঞ্চমুখ, ভারতের কাছে আত্মসমর্পণ করলেন ট্রাম্প?
শোনা যাচ্ছে, অক্ষর প্যাটেল যদি চলতি টি-টোয়েন্টি সিরিজে আসন্ন বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন সেক্ষেত্রে রিয়ান পরাগের পর নাম আসতে পারে অয়ুষ বাদোনির। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারের। তাছাড়াও কিছুদিন আগেই নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। ফলে অক্ষরের অনুপস্থিত তাঁকে খেলানো হলে অবাক হওয়ার কিছু থাকবে না। এছাড়াও শোনা যাচ্ছে, প্যাটেলের যোগ্য বিকল্প হিসেবে উঠে আসতে পারে শাহবাজ আহমেদের নামও। বাঁ হাতি ব্যাটসম্যান এবং বলটাও বাঁ হাতেই করেন তিনি। টিম ইন্ডিয়াতেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই খেলোয়াড়ের। মনে করা হচ্ছে, তাঁকে দলে নেওয়া হলে অক্ষরের যোগ্য বিকল্প হবেন আহমেদ।