ছাদ বাগান দেখানোর নাম করে নাবালিকাকে যৌন হেনস্থা! চাঞ্চল্যকর পরিস্থিতি উত্তরপাড়ায়

Uttarpara

প্রীতি পোদ্দার, কলকাতা: সমাজে একের পর এক উন্নতিমূলক কার্যকলাপ চললেও মেয়েদের নিরাপত্তা নিয়ে এখনও দ্বিধাগ্রস্ত প্রশাসন। ছোট্ট শুধু থেকে শুরু করে বৃদ্ধা কেউই সুরক্ষিত নন এই সমাজে। খবরের পাতা খুললেই কোথাও না কোথাও ধর্ষণের খবর উঠে আসছে। এমতাবস্থায় উত্তরপাড়ায় (Uttarpara) ফের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। ছাদ বাগান দেখানোর নাম করে অভিযুক্ত নাবালিকাকে শনিবার দুপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে যৌন হেনস্থার পাশাপাশি ধর্ষণের চেষ্টা করে প্রাক্তন কাউন্সিলারের ছেলে।

ঠিক কী ঘটেছিল?

সূত্রের খবর অনুযায়ী, গত শনিবার, দুপুরে উত্তরপাড়ার এক প্রয়াত প্রাক্তন কাউন্সিলারের ছেলে স্থানীয় এক নাবালিকাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কিন্তু ছাদ দেখানোর নাম করে কাউন্সিলারের ছেলে নাবালিকাকে জোর জবরদস্তি শারীরিক নিগ্রহ করে, এমনই অভিযোগ করেন নাবালিকার বাবা। এরপর অভিযুক্ত ধর্ষণের চেষ্টা করলে নাবালিকা কোনও ভাবে সেখান থেকে পালিয়ে আসে। ঘটনা জানাজানি হতে এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে। তারপর উত্তরপাড়া থানার পুলিশ খবর পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

থানা ঘেরাও স্থানীয়দের

এই ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করলেও নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ, তাই এই অভিযোগ তুলে শনিবার সন্ধ্যের পরে এলাকার বাসিন্দারা থানা ঘেরাও করেন। সেই ঘেরাও অভিযানে ছিলেন স্থানীয় বিজেপি এবং সিপিএমের নেতৃত্বরাও। ঘটনার প্রতিবাদ জানিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় বলেন, ‘আট বছরের এক শিশু কন্যাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা পুলিশকে জানিয়েছি, কোনও ভাবেই যাতে অপরাধী ছাড়া না পায়। নইলে আমরা রাস্তায় নামব।’

আরও পড়ুন: মেলেনা পেনশন, ভাতা! ৪ মাস ধরে বেতনও পাচ্ছেন না শিক্ষাকর্মীরা

প্রাক্তন সিপিএমের বিধায়ক শ্রুতিনাথ প্রহরাজ ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে হুংকার দেন যে, ‘অভিযুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের ছেলে। তাই গোটা বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল। আমরা থানায় এসেছি যাতে কোনওভাবেই এই কেসকে ধামাচাপা দেওয়া না যায়। আমরাও এর শেষ দেখে ছাড়ব।’ এদিকে গত ৮ জানুয়ারী উত্তরপাড়ার হিন্দমোটরে বন্ধ কারখানায় এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল। ঘটনায় নাবালিকার বন্ধু-সহ চার জনকে গ্রেপ্তার করেছিল। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের আরও এক ধর্ষণের অভিযোগ দলের অন্দরে অস্বস্তি তৈরি করেছে।

Leave a Comment