জড়িয়ে শতাব্দী প্রাচীন ইতিহাস, অমৃত ভারত প্রকল্পে চেহারা পাল্টাচ্ছে মুর্শিদাবাদের এই স্টেশনের

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলার ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদের গুরুত্বপূর্ণ শহর জঙ্গিপুর। এবার সেই শহরের জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনটিকে অমৃত ভারত স্টেশন (Amrit Bharat Station Scheme) প্রকল্পের আওতায় ঢেলে সাজাচ্ছে রেল। ভাগীরথী নদীর তীরে অবস্থিত জঙ্গিপুর শহরের ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মুঘল আমলের স্মৃতি বিজড়িত এই অঞ্চলের নাম এসেছিল জাহাঙ্গীরপুর থেকে। একটা সময় এই জঙ্গিপুরকে মুঘল সেনা শিবির হিসেবে ব্যবহার করা হতো। এবার সেই অঞ্চলের বিশেষ স্টেশনের চেহারা বদলে যেতে চলেছে ভারতীয় রেলের বিশেষ প্রকল্পের অধীনে।

অমৃত ভারত স্টেশন প্রকল্পে চেহারা পাল্টে যাবে জঙ্গিপুর স্টেশনের

সম্রাট জাহাঙ্গীরের নাম থেকে এসেছিল জঙ্গিপুর নামটা। এই মুহূর্তে প্রায় দেড় লক্ষ জনসংখ্যার এই অঞ্চল বর্তমানে জঙ্গিপুর মহকুমার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্র। সবচেয়ে বড় কথা, জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনটি মুর্শিদাবাদের এই বিশেষ শহরকে অন্যান্য অঞ্চলের সাথে যুক্ত করে। ফলে যোগাযোগের ক্ষেত্রে অপরিহার্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনের অন্তর্গত এই স্টেশন। সে কারণেই ভারতীয় রেলের অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় বাংলার 101 স্টেশনের তালিকায় রাখা হয়েছে এটিকেও।

রেল সূত্রে খবর, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে মুর্শিদাবাদ এর জঙ্গিপুর রোড রেলওয়ে স্টেশনের সার্বিক পরিকাঠামের উন্নতির কাজ চলবে। ইতিমধ্যেই স্টেশনটিকে নতুন করে সাজিয়ে তুলতে বড় কর্মযজ্ঞে লেগে পড়েছে রেল। জানা যাচ্ছে, রেলের এই বিশেষ প্রকল্পের আওতায় জঙ্গিপুর স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে শুরু করে টিকিট কাউন্টার, যাত্রী প্রতীক্ষালয় এমনকি স্টেশন সংলগ্ন ভবনগুলিরও সামগ্রিক সংস্কার করা হবে।

অবশ্যই পড়ুন: তুলে নেওয়া হবে ১৫ হাজার বাস! রাজ্য সরকারকে চাপে ফেলতে হুঁশিয়ারি

এও শোনা যাচ্ছে, যাত্রীরা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন সেজন্য এই স্টেশনে তৈরি হবে নতুন একটি ফুট ওভার ব্রিজ। এছাড়াও স্টেশনের সামনের অংশের পার্কিং ব্যবস্থার উন্নতি ঘটবে। একই সাথে, যাত্রী পরিষেবার মান বাড়াতে বসানো হবে লিফট। পাশাপাশি স্টেশনে ভিডিও ওয়াল, আধুনিক ট্রেন এবং কোচ ইন্ডাকশন বোর্ড বসবে বলেই খবর। এখানেই শেষ নয়, স্টেশনের প্রত্যেক প্লাটফর্মে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে। স্টেশনের সৌন্দর্য বৃদ্ধিতে পরিবেশ দূষণ এড়িয়ে স্থানীয় শিল্প এবং সংস্কৃতিকে স্থান দেওয়া হবে প্ল্যাটফর্মের কোণায় কোণায়। যাত্রীদের স্বার্থ সুরক্ষার্থে অমৃত ভারত স্টেশন প্রকল্পে জঙ্গিপুর স্টেশনটিকে বিশ্বমানের স্টেশনে রূপান্তরিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেলওয়ে।

Leave a Comment